এক-এগারোর সময় ব্যক্তি ও বিভিন্ন কোম্পানির কাছ থেকে আদায় করা ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ফেরত দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের করা পৃথক আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রায়ের জন্য দিন রেখেছেন সর্বোচ্চ আদালত। গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রায়ের এ দিন ধার্য করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, সঙ্গে ছিলেন আইনজীবী গালিফ আহমেদ। রিট আবেদনকারীপক্ষে অন্যান্যের মধ্যে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী।
সাবেক সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অগ্রিম আয়কর হিসেবে বিপুল পরিমাণ টাকা আদায় করা হয়। ওই সময় বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সরকারি কোষাগারে ওই টাকা জমা দেওয়া হয়।