৬১৫ বক্স কনটেইনার খালাসের সময় যাচাই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে সেই ৬১৫ বক্স কনটেইনার খালাসের সময় বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। আমদানিকারকেরা এসব কনটেইনার বন্দর থেকে ছাড় করে নেওয়ার সময় ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে।এক বা একাধিক কনটেইনারে সন্দেহজনক পণ্য থাকতে পারে—সরকারি একটি সংস্থার মৌখিক নির্দেশের পর এসব কনটেইনার গত দুই দিন নজরদারি করে রাখে বন্দর কর্তৃপক্ষ। গত শুক্রবার ‘এমভি ক্রিস্টিনা এ’ জাহাজে আসা এসব কনটেইনার নামিয়ে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে রাখা হয়। তবে ২৩টি কনটেইনারের ‘সিল নম্বর’ গরমিল থাকায় এগুলো গতকাল সন্ধ্যা পর্যন্ত খালাস হয়নি। কাগজপত্রে এসব কনটেইনারের যেসব সিল নম্বর রয়েছে সেগুলোর সঙ্গে বাস্তবে মিল নেই। এ কারণে কনটেইনারের মালিকপক্ষের প্রতিনিধির অঙ্গীকারের মাধ্যমে এসব কনটেইনার খালাস করা হবে। এসব কনটেইনারে নতুন করে সিল লাগানো হবে বলে জানা গেছে। ‘এমভি ক্রিস্টিনা এ’ জাহাজের কনটেইনার ওঠানামা পরিচালনাকারী বার্থ অপারেটর ‘মেসার্স বশীর আহম্মদ’ এর ব্যবস্থাপক মো. আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সব জাহাজে কম-বেশি কনটেইনারের সিল নম্বর গরমিল থাকে। এই জাহাজের ২৩ কনটেইনারে গরমিল থাকায় কনটেইনারের মালিকপক্ষের প্রতিনিধি থেকে অঙ্গীকারনামা পাওয়ার পর আজ (গতকাল রোববার) রাতে খালাস করা হবে বলে তিনি জানান।