৬১৭ পুলিশের পদোন্নতিতে অনাপত্তি ইসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন (ইসি) ৬১৭ জন পুলিশ সদস্যের পদোন্নতিতে অনাপত্তি জানিয়েছে। ফলে পুলিশের এই সদস্যরা পদোন্নতি পেলেন। গতকাল বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এ বিষয়ে অনাপত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনিক যেকোনো নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ইসির অনুমোদনের প্রয়োজন হয়।
গত বছরের ডিসেম্বর মাসে পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হন পুলিশের ৬১৭ জন সদস্য। এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের পদোন্নতি না হলে প্রক্রিয়াটি বাতিল হওয়ার কথা রয়েছে। এই ৬১৭ জনের মধ্যে ৪৮০ জন কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৩৭ জন এএসআই থেকে উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন।