৬১৯ কোটি টাকার সরকারি সার ‘আত্মসাৎ’, নবাব আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

প্রতারণার মামলায় মেসার্স নবাব অ্যান্ড কোম্পানির মালিক নবাব খানকে পুনরায় এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শওকত আকবর প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২ মার্চ নবাব খানকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে অনুমতি দেন আদালত।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ৬১৯ কোটি টাকার সরকারি সার আত্মসাতের মামলায় নবাব খানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত দুই পক্ষের শুনানি শেষে এক দিন রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বিভাগ। সিটিটিসির পক্ষ থেকে আদালতে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, আসামি নবাব খান বিসিআইসির তালিকাভুক্ত ঠিকাদার। তিনি দীর্ঘদিন ধরে বিসিআইসি ও এর অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থবছরে বিসিআইসির টেন্ডারে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হয়ে ভিন্ন ভিন্ন সাতটি চুক্তির মাধ্যমে বন্দর থেকে গুদামে ৫০ দিনের মধ্যে সার পরিবহনে চুক্তিবদ্ধ হন।

আরও পড়ুন

সিটিটিসির প্রতিবেদন অনুযায়ী, বিসিআইসির চুক্তির আওতায় জি টু জি চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের কাতার ও সৌদি আরব থেকে কেনা ১ লাখ ৮৩ হাজার ৪৫৬ টন ইউরিয়া সার বিভিন্ন তারিখে চট্টগ্রাম ও মোংলা বন্দরে খালাস হয়। এর মধ্যে ৬৬ হাজার ৮৭৪ মেট্রিক টন সার বাফার গুদামে সরবরাহ করেনি নবাবের প্রতিষ্ঠান। এই সারের আনুমানিক মূল্য ৬১৯ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৪১৯ টাকা।

৬১৯ কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন বিসিআইসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম বাণিজ্যিক) মো. সাইফুল আলম।

বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক তখন প্রথম আলোকে বলেছিলেন, ‘বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বিদেশ থেকে আমদানি করা ৬৬ হাজার ৮৭৪ মেট্রিক টন ইউরিয়া সার বুঝিয়ে দিচ্ছে না মেসার্স নবাব অ্যান্ড কোম্পানি। এ জন্য আমরা প্রতিষ্ঠানটির প্রধান নবাব খানকে আসামি করে মামলা করেছি। চুক্তি অনুযায়ী, ৫০ দিনের মধ্যে বন্দর থেকে আমাদের গুদামে সার বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু তিনি দেড় বছরের বেশি সময় ধরে বুঝিয়ে দিচ্ছেন না।’