৬২ পরিবারের পাশে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নোয়াখালী

করোনা মহামারিতে নোয়াখালীতে চলছে লকডাউন। এতে নিম্ন আয়ের কর্মজীবী মানুষের জীবনে নেমে এসেছে করুন অবস্থা। নোয়াখালীর সেই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নোয়াখালী (এমসান)।’
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যে মানুষগুলো এখন পর্যন্ত খাদ্যসামগ্রী পায়নি তাদের পাশে দাঁড়ানোই ছিল এমসানের লক্ষ্য। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নোয়াখালীর ৩ টি উপজেলার ৬২ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনের সদস্যরা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১৯টি পরিবার, সোনাইমুড়ী উপজেলায় ১৫ পরিবার, সুবর্ণচর উপজেলায় ২৮ পরিবারসহ মোট ৬২ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এমসানের সেক্রেটারি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন বলেন, এমসান সব সময়ই মানবিক কাজে ছিলো এবং ভবিষ্যতেও নোয়াখালীর বিভিন্ন মানবিক কাজের পাশে থাকবে ইনশা আল্লাহ। এ ছাড়া তিনি সমাজের এই মানবিক বিপর্যয় সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এমসান সভাপতি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিপুল খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে সন্তুষ্টি জানান। এমসানের সব সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
২০১৪ সালে এমসান প্রতিষ্ঠার পর থেকে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা নোয়াখালীতে ব্লাড গ্রুপিং, মেডিকেল ক্যাম্প, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামসহ বিভিন্ন মানবিক এবং সামাজিক প্রোগ্রাম করেছেন।