৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা অনিশ্চিত হয়ে গেছে ৬২ জন পরীক্ষার্থীর। পিএসসি বলছে, বিপিএসসি ফরম-১ জমা না দেওয়ায় তাঁরা পরীক্ষা দিতে পারছেন না। তবে ওই পরীক্ষার্থীরা বলছেন, বিপিএসসি ফরম-১ জমা দিয়েই তাঁরা পরীক্ষার প্রবেশপত্র নিয়েছেন। এ-সংক্রান্ত সব তথ্যপ্রমাণও তাঁদের কাছে আছে।আবেদনকারীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ এম এম জাহিদুল কবির সোমবার প্রথম আলোকে বলেন, ‘২৫ ফেব্রুয়ারি আমি আবেদনপত্র জমা দিই এবং আমাকে প্রবেশপত্র দেওয়া হয়।’ তাঁর নিবন্ধন নম্বর ০৮১৮০১। পরীক্ষার মাত্র কয়েক দিন আগে, অর্থাৎ ২১ মে পিএসসি বিভিন্ন পত্রিকায় একটি তালিকা প্রকাশ করে জানায়, নানা অসংগতির কারণে ৬০৯ জন পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে বিপিএসসি ফরম না থাকায় তাঁরসহ ৬২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।জাহিদুল কবির বলেন, ‘বিপিএসসি ফরম জমা না দিলে আমি পিএসসির স্বাক্ষর করা প্রবেশপত্র পেলাম কী করে? পিএসসি নিশ্চয়ই ওই ফরম হারিয়ে ফেলেছে। এখন তাদের ভুলের দায়ভার আমাদের নিতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র এ এস এম সাখাওয়াত হোসাইন বলেন, ‘ফরম জমা দেওয়ার পর আমাকে প্রবেশপত্র দেওয়া হয়েছে।’ জাহিদুল ও সাখাওয়াত প্রথম আলোকে জানান, পিএসসির বিজ্ঞাপনে বলা হয়েছে, যাঁদের আবেদনপত্র বাতিল করা হয়েছে, তাঁরা ২৩ ও ২৪ মে পিএসসির আগাঁরগাওয়ের নবনির্মিত ভবনে উপস্থিত হয়ে তাঁদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন। সে অনুযায়ী তাঁরা সোমবার আগারগাঁওয়ে যান। কিন্তু সেখানে কেউ তাঁদের সমস্যার সমাধান করেননি। এরপর তাঁরা তেজগাঁওয়ে পিএসসি সচিবালয়ে গিয়ে পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত সচিবের কাছে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়ে এসেছেন।এ ব্যাপারে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলোকে জানান, পিএসসি প্রত্যেক পরীক্ষার্থীর কাগজপত্র অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করেছে। এর পরই ওই পরীক্ষার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখানে পরীক্ষার্থীদের কোনো কাগজপত্র হারিয়ে যাওয়ার সুযোগ নেই।পিএসসির এ বক্তব্যের বিষয়ে জাহিদুল, সাখাওয়াত ও আরিফুল দাবি করেন, তাঁরা নিজে স্বাক্ষর করে নিজে গিয়ে ফরম জমা দিয়েছেন।এ ব্যাপারে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘যদি কেউ প্রমাণ করতে পারেন যে তিনি আসলেই ফরম জমা দিয়েছেন, তাহলে তাঁর বিষয়টি আমরা বিবেচনা করব।’উল্লেখ্য, ২৭ মে ৩১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।