৬২ বছর পর নিজস্ব খননযন্ত্র পেল মংলাবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুর চ্যানেলের নাব্যতা রক্ষার্থে ৬২ বছর পর নিজস্ব খননযন্ত্র পেয়েছে মংলাবন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে বন্দরের জেটি এলাকায় খননকাজের মাধ্যমে এর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আবুল কালাম আজাদের সভাপতিত্বে জেটিতে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে মন্ত্রী ছাড়াও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, নৌপরিবহনসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন। সরকারি অর্থায়নে তৈরি আধুনিক খননযন্ত্র ‘ইমাম বোখারী’ পাওয়ার ফলে আধুনিকায়নের ক্ষেত্রে মংলাবন্দর এক ধাপ এগিয়ে গেল বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, খুব শিগগির ১৩২ কোটি টাকা ব্যয়ে বন্দর চ্যনেলের ১৩ কিলোমিটারের ছয়টি পয়েন্টে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু করবে। দীর্ঘ চ্যানেলের এ খননকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ভারত, নেপাল, ভুটান ও চীনের একাংশকে ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দরের জন্য কাটার সাকশন ড্রেজার, পাইলট ও ডেসপাস বোট সংগ্রহ প্রকল্পের আওতায় প্রায় ২৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও নেদারল্যান্ডসের আইএইচসি প্রতিষ্ঠান ২০ মাস ধরে এ খননযন্ত্র তৈরি করেছে। তবে একে স্বয়ংসম্পন্ন করতে অতিরিক্ত যন্ত্রাংশসহ মোট ব্যয় হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা। এটি ঘণ্টায় ৪৫০ ঘনমিটার মাটি খনন করতে সক্ষম। ক্যাপিটাল ড্রেজিং শেষে এ যন্ত্র দিয়ে নিয়মিত খনন করলে পশুর চ্যানেলের নাব্যতা স্বাভাবিক থাকবে বলেও বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।