৬২ বছরে ইত্তেফাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬১ বছর পার করে ৬২ বছরে পা রাখল দৈনিক ইত্তেফাক। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির নিজস্ব ভবনে গতকাল বুধবার আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সারা দিন উৎসবমুখর পরিবেশে চলে নানান আনুষ্ঠানিকতা।
ইত্তেফাক ভবনে এসে শুভেচ্ছা জানান সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, ইত্তেফাক-এর নিয়মিত লেখক, বিজ্ঞাপনদাতাসহ আরও অনেকে।
১৯৪৯ সালে সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকা প্রথম প্রকাশিত হয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন পত্রিকার আনুষ্ঠানিক সম্পাদক। কলকাতা থেকে ফিরে তফাজ্জল হোসেন মানিক মিয়া সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং ১৯৫১ সালের ১৪ আগস্ট থেকে এই পত্রিকার পূর্ণ দায়িত্ব নেন। আর দৈনিক পত্রিকা হিসেবে ইত্তেফাক-এর প্রকাশনা শুরু ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর থেকে।
গতকাল দুপুর সাড়ে ১২টায় কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সঙ্গে কেক কাটায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বীসহ দেশের রাজনীতিবিদসহ গণমান্য ব্যক্তিরা।
ইত্তেফাক ভবনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমীর-উল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, কাজী ফিরোজ রশিদ, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া প্রমুখ।
বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিক এবং সাংবাদিক ইউনিয়নের নেতারাও এসেছিলেন শুভেচ্ছা জানাতে। এঁদের মধ্যে ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের অপর অংশের মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজের অপর অংশের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।