৬২ লাখ টাকার কাজ ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৬২ লাখ টাকার কাজ আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে ভাগাভাগি করে নিয়ে গেছেন ঠিকাদারেরা। গতকাল বৃহস্পতিবার দরপত্র জমাদানের শেষ দিন ১৮টি গ্রুপের বিপরীতে দরপত্র জমা হয় ৭৪টি এবং বিক্রি হয় ৮৪টি। ঠিকাদারেরা সমঝোতার ভিত্তিতে এ দরপত্রগুলো জমা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।মাধবপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১১ ও ২০১২ অর্থবছরে মাধবপুর পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাট মেরামত, কালভার্ট ও সেতু নির্মাণ বাবদ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৬২ লাখ টাকার অনুদান আসে। এদিকে গত রোববার থেকে এ ১৮টি গ্রুপের দরপত্র বিক্রি শুরু হয়। গতকাল বৃহস্পতিবার ছিল এ দরপত্র জমাদানের শেষ দিন। একটি সূত্র জানায়, গত বুধবার পৌরসভার সব ঠিকাদার উপজেলা পল্লী উন্নয়ন অফিসে জড়ো হন। এর নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকমল দাশ ও সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম।নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার জানান, এ সমঝোতায় সিদ্ধান্ত হয় একটি গ্রুপের বিপরীতে চারটি করে ৭২টি এবং দুটিতে পাঁচটি করে মোট ৭৪টি দরপত্র জমা দেওয়ার। এ সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার পৌর ভবনের দরপত্রের বাক্সে ৭৪টি দরপত্র জমা হয়। সিরাজুল ইসলাম নামের অপর এক ঠিকাদার জানান, যদিও এ দরপত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নিয়ন্ত্রণ করেন, তবে সর্বদলীয় ঠিকাদারেরা এর সুফল ভোগ করেন।এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকমল দাশ বলেন, এ ধরনের কোনো অনিয়ম হয়নি। তিনি নিজেও দরপত্র জমা দেন বলে জানান। সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম অস্বীকার করে বলেন, এ ধরনের সমঝোতায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।মাধবপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম বলেন, এ ঘটনাটি তাঁর জানা নেই। এ ছাড়া ঘটনার দিন তিনি সিলেটে অবস্থান করছিলেন বলে জানান।পৌর মেয়র হিরেন্দ্র লালের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।