৬২টি প্রতিষ্ঠানের উৎপাদন সাময়িকভাবে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের ওষুধ তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬২টি প্রতিষ্ঠানের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের এ বিষয়ে জানান। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান কেন অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ওষুধ তৈরি করছে, তার কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোকে এই মর্মে অঙ্গীকারনামা দিতে হবে, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী ওষুধ তৈরি করবে। অন্যথায় কমিটি তাদের সনদ বাতিল করার সুপারিশ করবে। তবে কমিটির সভাপতি উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেননি। গত ১০ এপ্রিল সংসদীয় কমিটি তিন মাসের মধ্যে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এর আগে সংসদীয় কমিটি দেশের ১৫১টি নিবন্ধিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সার্বিক চিত্র তদন্ত করে গত বছরের ৩ জুলাই একটি প্রতিবেদন দেয়। এতে নিম্নমানের ওষুধ তৈরি করার অভিযোগে ৬২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। গতকালের বৈঠকে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) যন্ত্রপাতি ক্রয়সহ সার্বিক বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে শেখ সেলিম বলেন, সিএমএসডি প্রতিবছর কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনে। কিন্তু তা সঠিকভাবে স্থাপন হয় না বলে অনেক টাকা অপচয় হচ্ছে। যেসব দেশ থেকে যন্ত্রপাতি কেনা হয়, সেসব দেশের টেকনিশিয়ানদের দিয়েই তা স্থাপন করার সুপারিশ করেছে কমিটি। শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মোহাম্মদ আমানউল্লাহ, এম এ মান্নান, নাজমুল হাসান, মুরাদ হাসান ও জেড আই এম মোস্তফা আলী অংশ নেন।