৬২৮ ইউপির ফল, আ.লীগ ৪৪৪, বিএনপি ৬১
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬২৮টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা (নৌকা প্রতীকে) ৪৪৪টিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। বিএনপির প্রার্থীরা (ধানের শীষে) জয়ী হয়েছেন ৬১টিতে। আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১১৬টিতে। আজ শনিবার নির্বাচন কমিশন থেকে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
এ ধাপের নির্বাচনে জাতীয় পার্টি ৩ টিতে জিতেছেন। জাসদ ও জাতীয় পার্টি (জেপি) ২টি করে ইউপিতে জয় পেয়েছে। ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল স্থগিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে সারা দেশের ৬৩৯টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩১টিতে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অনিয়মের কারণে ৩৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
কমিশন সচিবালয়ের অপর এক হিসাবে দেখা গেছে, ৫৫১ ইউপিতে মোট ৭৩ লাখ ৪১ হাজার ৮৯৬ ভোট পড়েছে, যা মোট ভোটের ৭৬ দশমিক ১৩ শতাংশ। এই হিসাব প্রথম ধাপের তুলনায় ২ শতাংশ বেশি। মোট ভোটের মধ্যে নৌকা মার্কার প্রার্থীরা ৩৯ লাখ এবং বিএনপির প্রার্থীরা ১৩ লাখের বেশি পেয়েছেন।