৬৩ ছিটমহলের ভূমিসংক্রান্ত কাগজ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের সদ্য বিনিময় হওয়া ছিটমহলগুলোর মধ্যে ৬৩টির ভূমিসংক্রান্ত কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় গতকাল সোমবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে এ দলিল হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বৈঠক শেষ করে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের জিরো পয়েন্টে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে ৪৪টি মৌজার সিএস দলিল দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে হস্তান্তর করা হয় ১৯টি দলিল। বাকি যে ৯৯টি মৌজা আছে, সেসবের দলিল সংগ্রহ করার জন্য দুই দেশের কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়।

হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ থেকে ভারত যেতে ইচ্ছুক ৯৮৯ জনের যাওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। কারা যাবেন বা যাবেন না, সে বিষয়ে বিস্তারিত জানতে ভারতের একটি প্রতিনিধিদল ১৭ আগস্ট বাংলাদেশের সাবেক ছিটমহলগুলো পরিদর্শন করে মতামত নেবে। তিনটি পথ ধরে এসব ব্যক্তি ভারতে যাবেন বলে জানান হাবিবুর রহমান। এগুলো হলো: কুড়িগ্রামের সাহেবগঞ্জ-বাঘডাঙা, পঞ্চগড়ের হলদিবাড়ি-চিলারহাট, লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর।