ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির ৬৩ জন উপকারভোগীর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শনিবার ওই সব উপকারভোগীর কাজ বন্ধ করে দেন। তাঁরা সবাই সরকারদলীয় কোটায় তালিকায় ঠাঁই পেয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়নে ২০১১-১২ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (প্রথম পর্যায়) আওতায় ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২১৪ জন উপকারভোগীর মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সুপারিশে ৬৩ জন এই তালিকায় অন্তর্ভুক্ত হন। গত শনিবার সকালে তালিকায় ঠাঁই পাওয়া লোকজন ইউনিয়নের হাজি কামরুল হুদা চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাট করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল আলম ও ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান কর্মীদের নিয়ে বিদ্যালয় চত্বরে গিয়ে কাজ বন্ধ করে দেন। তাঁদের অভিযোগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা অর্থের বিনিময়ে কর্মসংস্থান কর্মসূচির তালিকা তৈরি করেছেন। এ সময় মাহবুব বলেন, ‘মোল্লাপাড়া গ্রামের এক বিধবার জন্য আমি ও মাজেদুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা আমাদের অনুরোধ না রেখে টাকার বিনিময়ে উপকারভোগীর তালিকা তৈরি করে ইউনিয়ন পরিষদে জমা দিয়েছেন।’ মাজেদুল আলম বলেন, ‘আমরা কোনো অন্যায় আবদার করছি না। একজন বিধবাকে দলীয় কোটায় তালিকায় রাখতে আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা রাখলেন না। যাঁরা আমাদের একটি সুপারিশ রাখেন না, তাঁদের সঙ্গে ভালো আচরণ করা যায় না। তাই তাঁদের কোটায় যাঁরা তালিকায় এসেছেন, তাঁদের কাজ বন্ধ করে দিয়েছি।’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল হক বলেন, কর্মসংস্থান কর্মসূচির অতি দরিদ্রদের তালিকা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা তৈরি করেছেন। এতে আমাদের হাত নেই। তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আর্থিক সুবিধা নেওয়ার কথা তিনি অস্বীকার করেন। সালন্দর ইউপির চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী কাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজেদের দ্বন্দ্বের কারণে অতিদরিদ্রদের কাজ বন্ধ করে দেওয়া ঠিক নয়।