নিম্নমানের ওষুধ উৎপাদনের দায়ে ৬৩টি ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ ছাড়া দুটি কোম্পানির সনদ পুরোপুরি বাতিল, ১৫টির সনদ সাময়িক বাতিল এবং ৪৬টির নিবন্ধন সাময়িক বাতিলসহ উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিত করা হয়েছে বলে জানান মন্ত্রী।স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, দেশে নিবন্ধিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৮৩১টি। এর মধ্যে অ্যালোপ্যাথি ২৬২টি, ইউনানি ২৬৮, আয়ুর্বেদ ২০২টি, হোমিওপ্যাথিক ৭৯ ও হারবাল ২০টি।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ধূমপানমুক্ত এলাকায় ধূমপানের দায়ে জরিমানা বাড়ানো, তামাকের জন্য শুল্কনীতি নির্ধারণে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার। এ আইনে তামাকজাত পণ্যের প্যাকেটের অর্ধেকজুড়ে ছবিসংবলিত স্বাস্থ্য সতর্কবার্তা লেখা বাধ্যতামূলক করা হবে। এ ছাড়া ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনেরও পরিকল্পনা করছে সরকার। এই পরিকল্পনানুযায়ী মোটরগাড়ি, কর্মক্ষেত্র, সরকারি প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁ ও সেলুনকে ধূমপানমুক্ত এলাকার আওতায় আনা হবে। কৃষিজমি ও পরিবেশ বাঁচাতে তামাক ক্রয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চলচ্চিত্র ও বিজ্ঞাপনের মাধ্যমে তামাকজাত পণ্যের বিপণন কোম্পানির নাম, লোগো, ব্র্যান্ড ইত্যাদির বিরুদ্ধে শক্তিশালী বাজারনীতি নির্ধারণ করা হবে।হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি হাসপাতালগুলোতে ছয় হাজার ৮৫টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা দুই হাজার ৮১৮ জন।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে সব সরকারি মেডিকেল কলেজে ১০ ভাগ হারে এমবিবিএস ও ডেন্টাল কোর্সে আসনসংখ্যা বাড়িয়েছে। এ ছাড়া সরকারি ছয়টি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ আসনবিশিষ্ট ডেন্টাল ইউনিট চালু করা হয়েছে।এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিগগিরই জাতীয় ঔষধনীতি প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে জাতীয় ঔষধনীতি পর্যালোচনা কমিটির তিনটি এবং সাব-কমিটির চারটি সভা হয়েছে।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১১তলাবিশিষ্ট ভবন সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ ২০১৩ সালের জুন মাসে শেষ হবে।গিয়াস উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে মাতৃ-মৃত্যুর হার প্রতি লাখে ১৯৪ জন।