৬৩টি কেন্দ্রের ৪৭টি ঝুঁকিপূর্ণ
কুড়িগ্রামের উলিপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম পৌরসভার ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনটি পৌরসভার ৪৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে কুড়িগ্রাম পৌরসভার ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি, নাগেশ্বরীর ২২টি কেন্দ্রের মধ্যে ১৩টি এবং উলিপুরের ১৮টি কেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. তবারক উল্লা বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকবে।
জেলায় তিনটি পৌরসভায় মেয়র প্রার্থী ১৫ ও কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন। এঁদের মধ্যে সাধারণ কাউন্সিলর ১৩৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুড়িগ্রাম পৌরসভায় মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উলিপুর পৌরসভায় ছয়জন মেয়র পদে, ৪৬ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাগেশ্বরী পৌরসভায় মেয়র প্রার্থী ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী আছেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, গত মঙ্গলবার সব প্রার্থীকে নিয়ে সার্কিট হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাঁদের আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে।
পৌরসভা তিনটিতে মোট ভোটারসংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯৩৫। এর মধ্যে নারী ভোটার ৬৩ হাজার ৫২৪ জন এবং পুরুষ ভোটার ৬২ হাজার ৪১১ জন। ৬৩টি ভোটকেন্দ্রে ৪৩৪টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।