৬৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এক কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ৬৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য রয়েছে মাত্র একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও)। এসব বিদ্যালয় পরিদর্শনের জন্য দুজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও একটি পদ প্রায় আট বছর ধরে শূন্য রয়েছে। ফলে একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিয়ে তিন মাসের মধ্যে প্রত্যেক স্কুল পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। এ কারণে গ্রামেগঞ্জে ও উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার গুণগত মান দিন দিন কমে যাচ্ছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ এলাকায় ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬টি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এসব বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে ৩৩ হাজার ১৬৫ জন। ধলঘাটা ইউনিয়নের সুতরিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক বলেন, প্রায় তিন মাস আগে শিক্ষকদের ক্লাস্টার প্রশিক্ষণের জন্য সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসেছিলেন। এরপর আর তিনি আসেননি। ধলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ বলেন, তদারকির অভাবে এ এলাকার প্রাথমিক শিক্ষার মান তেমন ভালো হচ্ছে না। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী বলেন, যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে গত এক বছরেও এলাকার বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। এ কারণে লেখাপড়ার মান তেমন ভালো হচ্ছে না বলে তিনি দাবি করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, তিন মাসের মধ্যে সব বিদ্যালয় পরিদর্শন করার নিয়ম রয়েছে। কিন্তু একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে ৬৩টি বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। তাই বিদ্যালয় তদারকি করতে আরও একজন সহকারী শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে তিনি জানান।