৬৪ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের সব জেলা রেলওয়ে যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শিগগিরই আটটি জেলা এর আওতায় আসছে। পর্যায়ক্রমে বাকি জেলাগুলোকে এর আওতায় আনা হবে।
গতকাল সোমবার জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে রেলপথমন্ত্রী এ তথ্য জানান।
সুকুমার রঞ্জন ঘোষের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ৪৪টি রেলপথ-সুবিধার মধ্যে রয়েছে। শিগগিরই বাগেরহাট, কক্সবাজার, সাতক্ষীরা, মেহেরপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও নড়াইলকে রেলওয়ে যোগাযোগের আওতায় আনা হবে।
এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত রেলওয়েতে ৪৬টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদিত, ৩৮টি উন্নয়ন প্রকল্প সংশোধন এবং ২৪টি উন্নয়ন প্রকল্প শেষ করা হয়েছে। বর্তমান অর্থবছরে রেলওয়েতে ৪১টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
এক বছরে মহাসড়কে ২০২৭টি দুর্ঘটনা: সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিগত এক বছরে মহাসড়কগুলোতে ২ হাজার ২৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা ২ হাজার ৬৭ জন এবং আহত হন ১ হাজার ৫৩৫ জন।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মহাসড়কগুলোতে চলমান সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে ৭০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বেসরকারি পরিবহনের ৩২৫টি যানবাহনে আগুন ও ৫০০টি যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে। সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির ক্ষতির পরিমাণ ১৬ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা।
প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল পৌনে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন
শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।