৬৪ জেলাতেই নারীদের ক্যানসার পরীক্ষার কেন্দ্র আছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৪ সালে বলেছিল, বাংলাদেশে বছরে প্রায় ১৫ হাজার নারী জরায়ুমুখ ক্যানসার ও স্তন ক্যানসারে মারা যান। কিন্তু মানুষ জানে না, কোথায় গেলে এ বিষয়ে প্রয়োজনীয় সেবা বা পরামর্শ পাওয়া যায়। সরকার বলছে, ক্যানসারের বিষয়ে জানতে ৬৪টি জেলায় দুটি করে কেন্দ্র আছে জরায়ুমুখ ও স্তন পরীক্ষার জন্য। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে একটি কর্মসূচির আওতায় কেন্দ্রগুলো চলছে।নারীদের ক্যানসারের বিষয়ে সেবা দিতে সরকার ও ইউএনএফপিএ ১৬টি জেলায় ‘দিশারী’ প্রকল্প শুরু করে। শুরুতে জরায়ুমুখ পরীক্ষা (ভায়া) করার মধ্যেই প্রকল্পের কাজ সীমাবদ্ধ ছিল। দিশারী প্রকল্পে সফলতার পর ২০০৭ সালে সারা দেশে ‘সার্ভাইক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং প্রোগ্রাম’ নামের কর্মসূচি চালু হয় এবং স্তন পরীক্ষাকে এর আওতায় আনা হয়। সরকার মাঠপর্যায় পর্যন্ত এই সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেও এ বিষয়ে প্রচার তেমন নেই। এ কারণে মহিলারা কেন্দ্রে কম আসছেন।পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এই কর্মসূচি বাস্তবায়ন করছে। অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক গণেশচন্দ্র সরকার প্রচারে দুর্বলতার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, এই কর্মসূচিতে প্রথম দিকে প্রচারের বিষয়টি অতটা গুরুত্ব পায়নি। এ বছর লিফলেট ও পোস্টার তৈরি এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।খোঁজ নিয়ে জানা যায়, অধিদপ্তর বছরে ছয়-সাতটি জেলায় বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ সভায় বসে। সভায় জনপ্রতিনিধি, এনজিওকর্মী ও তাঁদের নিজেদের কর্মীকে নারীদের উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়া হয়।জরায়ুমুখ ও স্তন ক্যানসার নির্ণয় কর্মসূচির ফোকাল পয়েন্ট এবং বিএসএমএমইউয়ের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুন্নেসা প্রথম আলোকে বলেন, কর্মসূচিটি চালুর পর থেকে প্রায় তিন লাখ নারী সেবা পেয়েছেন। প্রশিক্ষণ পেয়েছেন ৫৭৪ জন চিকিৎসক, নার্স, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহযোগী। কর্মসূচির আওতায় বছরে জটিল পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে আড়াই থেকে তিন হাজার। জেলা হাসপাতালের সুপারিশ নিয়ে নারীরা উন্নত ও জটিল সেবা নিতে বিএসএমএমইউতে আসছেন। সেবা পেয়েছেন এমন নারীরা অন্য নারীদের বিষয়টি জানাচ্ছেন। তিনি বলেন, সচেতনতামূলক কাজ আরও বাড়ানো গেলে বিপুল সংখ্যক নারী এই সেবা পেতেন।সরেজমিনে কয়েকটি হাসপাতাল: বিএসএমএমইউতে গত বুধবার ঢাকার আশপাশের কয়েকটি জেলা থেকে নারীরা চিকিৎসা নিতে এসেছিলেন। চিকিৎসার খোঁজ প্রতিবেশী ও আত্মীয়দের কাছ থেকে তাঁরা জেনেছেন বলে উল্লেখ করেন। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, উপকূলীয় অঞ্চল থেকে দল বেঁধে মহিলারা সেবা নিতে আসেন।বরগুনা সদরের বিষখালী নদীতীরের গ্রাম লতাবুনিয়া ও মাছখালীর বেশ কয়েকজন গৃহবধূর সঙ্গে কথা বলে জানা যায়, এই রোগ সম্পর্কে তাঁরা তেমন কিছুই শোনেননি। এই রোগের কোথায় পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়, তাও তাঁরা জানতেন না। বরগুনা জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা মরিয়ম আকতার বলেন, ‘ঠিকমতো কাউন্সেলিং করতে পারলে সেবা গ্রহণকারী নারীর সংখ্যা বাড়বে। কিন্তু হাসপাতালে সেবিকা সংকটের কারণে যথাযথভাবে কাউন্সেলিং করা যাচ্ছে না।’নীলফামারীর ফুলতলা গ্রামের ক্যানসারে আক্রান্ত ২০ বছর বয়সী এক নারী বলেন, তিনি জানতেনই না যে তাঁর নিজ জেলায় স্তন পরীক্ষার ব্যবস্থা আছে এবং জেলা হাসপাতালে ভায়া ও স্তন পরীক্ষার প্রতিবেদন খারাপ এলে পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে বিএসএমএমইউতে যেতে হবে। ওই রোগী বিভিন্ন উপসর্গ নিয়ে রংপুরে যান, স্তন পরীক্ষার পর একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচার করান।ফরিদপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা বেগমও বলেন, তাঁর জেলায় ক্যানসার পরীক্ষার কেন্দ্র সম্পর্কে তিনি কিছু জানেন না। ফেনীতেও একাধিক নারীর কাছ থেকে একই উত্তর পাওয়া গেছে।জনবলের সংকট: ভায়া ও স্তন পরীক্ষার দায়িত্বে থাকা চিকিৎসক ও সেবিকাদের অনেকেই জনবলের সংকটের অভিযোগ করেছেন। নীলফামারী সদর আধুনিক হাসপাতালে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর প্রতিনিধি গিয়ে দেখেন, গাইনি ওয়ার্ডের সামনে ভায়া কর্নারটি বন্ধ। অন্য সেবিকারা জানান, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সেবিকা বুধবার রাতে ওয়ার্ডে দায়িত্ব পালন করেছিলেন বলে সেটি বন্ধ আছে। বরগুনার প্রশিক্ষণপ্রাপ্ত একমাত্র চিকিৎসক আকবর হোসেনকেও বদলি করে দেওয়া হয়েছে। ফলে হাসপাতালে সপ্তাহে দুই দিনের বেশি পরীক্ষা-নিরীক্ষা চলে না।(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন প্রথম আলোর বরগুনা প্রতিনিধি এম জসীমউদদীন, নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, ফরিদপুর প্রতিনিধি পান্না বালা ও সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান)আজ বিশ্ব ক্যানসার দিবসআজ বিশ্ব ক্যানসার দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্যানসার প্রতিরোধ ও প্রতিকারে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যানসার দিবসের এ বছরের প্রতিপাদ্য: শিশুদের অতিবেগুনি রশ্মি থেকে দূরে থাকার শিক্ষা দিন। দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।ক্যানসার দিবস সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গতকাল বৃহস্পতিবার একটি সেমিনারের আয়োজন করে। ওই অনুষ্ঠানে আলোচকেরা তামাক নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করেন। বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, তামাক সেবনে শীর্ষে থাকা প্রথম ১০টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। নিয়ন্ত্রণহীনভাবে তামাক সেবনের কারণে দেশে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে।এদিকে গতকাল ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত এক সেমিনারে জাতীয় অধ্যাপক এম আর খান বলেছেন, উন্নত বিশ্বে দুই-তৃতীয়াংশ শিশু ক্যানসার রোগী ভালো হয়ে ওঠে। কিন্তু এই চিকিৎসা ব্যয়সাপেক্ষ। তিনি ক্যানসার চিকিৎসাকে সহজলভ্য করতে ওষুধ উৎপাদক ও এই চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম বলেন, এ বছরের আগস্ট মাসের মধ্যে উত্তরায় নির্মাণাধীন ৫০০ শয্যার আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে বেশ কয়েকটি ইউনিট চালু করা হবে।এদিকে দিনটি উপলক্ষে বাংলাদেশ ওরাল ক্যানসার ফাউন্ডেশন আজ শুক্রবার মুখ ও মুখ গহ্বরের ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়াতে সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করবে।