৬৪ জেলায় ই-সেবা কেন্দ্রের উদ্বোধন
দেশের ৬৪টি জেলায় গতকাল সোমবার জেলা ই-সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোর জেলা ই-সেবাকেন্দ্রে উপস্থিত জনগণের সঙ্গে কথা বলে ই-সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। খবর বাসসের।সারা দেশে চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র চালুর প্রথম বর্ষপূর্তির দিনে গতকাল এই জেলা ই-সেবাকেন্দ্র চালু করা হলো। ফলে এখন থেকে জেলা প্রশাসনের সব ধরনের সেবা অনলাইনে পাওয়া যাবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত অ্যাকসেস টু ইনফরমেশন (এ২আই) প্রোগ্রামের পরিচালক নজরুল ইসলাম খান।যশোর জেলা ই-সেবাকেন্দ্রে উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, মন্ত্রিপরিষদের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৬৪টি জেলায় ই-সেবাকেন্দ্র চালুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পথে জাতি আরও একধাপ এগিয়ে গেল এবং বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে এটি একটি মাইলফলক।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছিলাম। জেলা ই-সেবাকেন্দ্র এবং ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই লক্ষ্য পূরণে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।’বাংলাদেশের উন্নয়নে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গতকাল বিকেলে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেন, বিশ্ব সংস্থা বাংলাদেশের উন্নয়ন-প্রচেষ্টায় সব ধরনের কারিগরি ও লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।বান কি মুন জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনার জন্য আগামী জুনে ব্রাজিলের রাজধানীতে অনুষ্ঠেয় রিও প্লাস টুয়েন্টি আর্থ সামিটে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।এর আগে কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট হোসে মারিয়া ফিগারস ওলসেন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।