৬৪ মণ ইলিশ, ১৪ হাজার মিটার জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জেলেদের ইলিশ ধরা চলছেই। গতকাল শুক্রবার বাগেরহাট, পটুয়াখালী ও পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬০ মণ ইলিশ ও ১৪ হাজার মিটার জাল জব্দ করেছেন। একই দিন রাজবাড়ীর দৌলতদিয়ায় এক জনপ্রতিনিধি অভিযান চালিয়ে চার মণ ইলিশ জব্দ করে এতিমখানায় বিলিয়ে দিয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোয়ালন্দ (রাজবাড়ী): গতকাল সকালে দৌলতদিয়ার পদ্মা নদী থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জেলেদের নৌকা থেকে প্রায় চার মণ মা-ইলিশ জব্দ করেন। পরে তা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করেন।দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মণ্ডল জানান, একশ্রেণীর জেলে রাতের আঁধারে পদ্মা ও যমুনায় ইলিশ শিকার করছে। বিষয়টি তিনি গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানান। ওই কর্মকর্তার মৌখিক অনুরোধে স্থানীয় কয়েকজন ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে গতকাল সকাল আটটার দিকে তিনি অভিযানে নামেন।গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাঈদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যেহেতু তিনি একজন স্থানীয় জনপ্রতিনিধি, তাই তাঁর সহযোগিতাও আমরা চেয়েছিলাম।’বাগেরহাট: গতকাল সকালে পৃথক অভিযান চালিয়ে দুটি পিকআপ, একটি ট্রলারসহ ৫৩ মণ ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় পুলিশ পিকআপ দুটির চালক, ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ২৬ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে কচুয়া উপজেলা সদরের টেংরাখালী এলাকার সড়ক থেকে জব্দ করা হয় দুটি পিকআপসহ ৫০ মণ এবং বাগেরহাট শহরসংলগ্ন রাধাবল্লভ খাল থেকে জব্দ করা হয় ট্রলারবোঝাই তিন মণ ইলিশ। কচুয়া থেকে উদ্ধার করা মাছগুলো নিলামে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে। ট্রলার থেকে উদ্ধার করা তিন মণ ইলিশ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।পটুয়াখালী: মির্জাগঞ্জের পায়রা নদীতে ডিমওয়ালা ইলিশ ধরছেন জেলেরা। গতকাল শুক্রবার সকালে পায়রা নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার ৩০০ মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।মির্জাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ইউএনও মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সকাল আটটা থেকে পায়রা নদীতে অভিযান শুরু করেন। জব্দ করা জাল উপজেলা পরিষদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারে বিক্রির জন্য আনা নয় মণ ইলিশ গতকাল স্থানীয় জনতা আটক করে। মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ তালুকদার জানান, সকালে বাজারে বিক্রির জন্য আনা ইলিশ মাছগুলো দেখতে পেয়ে মঠবাড়িয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। মঠবাড়িয়া থানার এসআই মহিউদ্দিন জানান, উদ্ধার করা মাছ স্থানীয় দুস্থদের মধ্যে ও নিকটবর্তী এতিমখানায় বিতরণ করা হয়েছে।