৬৪ সহকারী শিক্ষা কর্মকর্তা বেতন পান না পাঁচ মাস
সারা দেশে ৬৪ জন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চলতি বছরের জুলাই থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। পাঁচ মাস ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে এসব কর্মকর্তাকে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থেকে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে পিইডিপি-২-তে প্রেষণে নিয়োগ লাভ এবং ১৫ মাসের মাথায় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চাকরি-জীবনের মাঝপথে এমন জটিলতায় পড়েছেন এসব কর্মকর্তা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তারা বারবার সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করেও কার্যত কোনো ফল পাননি। এ জন্য তাঁরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করেছেন।একাধিক সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিও) জানান, ১৯৯৭ সালের ৫ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাগবি/প্রশা-১/১৫(২)/৪৬/৯৭/২৭০ নম্বর স্মারক মোতাবেক স্থায়ী রাজস্ব খাতের উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা পদে তাঁরা নিয়োগ পান। সেই থেকে টানা ১৩ বছর তাঁরা ওই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। একই মন্ত্রণালয়ের ২০১০ সালের ৩ ফেব্রুয়ারির প্রাগম/প্রশা-১/১২-পদোন্নতি/২০০৪(অংশ)-১০২ নম্বর স্মারকে জারি করা প্রজ্ঞাপন মোতাবেক তাঁদের দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে প্রেষণে নিযুক্ত করা হয়। কর্মসূচি চলাকালে উন্নয়ন খাত থেকে তাঁদের বেতন-ভাতা মেটানো হয়। কিন্তু চলতি বছরের জুনে পিইডিপি-২-এর মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব কর্মকর্তার বেতন-ভাতাও বন্ধ হয়ে যায়। ভুক্তভোগী এসব কর্মকর্তার মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রকল্পের মেয়াদ সম্পর্কে অবগত থাকার পরও কর্তৃপক্ষ প্রায় দেড় বছরেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তবে বেতন বন্ধ হয়ে যাওয়ার পরে পিইডিপি-২ খাতের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এই ৬৪টি পদ স্থায়ী রাজস্ব খাতে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমানে তা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁরা বলেন, এ বিষয়ে কথা বলতে গেলে তাঁদের আগের পদে অর্থাৎ উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে ফিরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পূর্ব পদে ফিরে যাওয়ার লজ্জা ও ভয়ে তাঁরা মুখ খুলছেন না। কিন্তু দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে তাঁদের মানবেতর দিন কাটাতে হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রূপন কান্তি শীল বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এখানে নতুন একটি পদ সৃষ্টির বিষয় রয়েছে। এই পদের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে লিখিতভাবে অবগত করার পর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিলেছে। এখন এটা আইনানুগভাবে সচিব কমিটিতে যাবে। সচিব কমিটির অনুমোদন শেষে রাজস্ব খাতে পদ সৃষ্টির পর পোস্টিংসহ বেতন-ভাতা নিশ্চিত করা হবে। এক মাসের মধ্যেই এটা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।