লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয় গত সোমবার দুপুরে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছে। এতে জেলার বিভিন্ন দপ্তরের মাধ্যমে সরকারের এক বছরের (২০১৪-২০১৫ অর্থ) উন্নয়নের ফিরিস্তি দেওয়ার কথা ছিল। অথচ জেলার ৬৪ দপ্তরের মধ্যে ৪৩টিরই কোনো তথ্য দেওয়া হয়নি।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার অন্য ২১ দপ্তরের তথ্য উপস্থাপন করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তথ্যের বেশির ভাগই পুরোনো, অসম্পূর্ণ ও অস্পষ্ট। সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা এ কথা স্বীকার করেছেন। তাঁরা বলেছেন, জেলা তথ্য কার্যালয় থেকে দেওয়া এ-সংক্রান্ত চিঠিতে কিছুটা অস্পষ্টতা থাকায় এমনটি হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘ওই চিঠিতে যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে, তবে আমার কাছ থেকে বা তথ্য অফিস থেকে তা বুঝে নেওয়া উচিত ছিল।’ তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনের দিন এসে ওই চিঠির অজুহাত দেওয়া কোনোভাবেই ঠিক নয়। এভাবে জনগণের তথ্য জানার যে সুযোগ সরকার সৃষ্টি করে দিয়েছে, তা অর্জিত হতে পারবে না।’ তিনি সংশ্লিষ্ট সব দপ্তরপ্রধানকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ, হালনাগাদ ও স্পষ্ট তথ্যসংবলিত দাপ্তরিক কাজের উন্নয়ন ফিরিস্তি তৈরি করতে বলেছেন। আরেকটি সংবাদ সম্মেলনে সেগুলো উপস্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, লালমনিরহাট জেলার বিভিন্ন দপ্তরের ২০১৪-২০১৫ অর্থবছরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণের তালিকায় গণপূর্ত কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। সড়ক ও জনপথ বিভাগের অধীন কোনো উন্নয়নমূলক প্রকল্প নেই। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য নেই। এ ছাড়া রেলওয়ে বিভাগ, জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং জেলা বন বিভাগসহ অন্যান্য বিভাগ ও দপ্তরের কোনো তথ্য দেওয়া হয়নি।
জানতে চাইলে লালমনিরহাট জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজার রহমান বলেন, জেলার সব অফিসে ২০১৪-২০১৫ অর্থবছরের উন্নয়ন কার্যক্রম/চলমান প্রকল্প/সেবা কার্যক্রমের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তিনি বলেন, ওই চিঠিতে কোনো রকম অস্পষ্টতা বা অস্পূর্ণতা ছিল না। জেলার ২১টি দপ্তরের লিখিত যে তথ্য পাওয়া গেছে, সেগুলো সংবাদ সম্মেলনে উপস্থাপনের জন্য তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, অধিকাংশ সরকারি দপ্তরের কর্মকর্তারা তাঁদের কার্যক্রমের তথ্য ও উপাত্ত সহজে সাংবাদিকদের দিতে চান না। এ সংবাদ সম্মেলনে সেসব তথ্য পাওয়া যাবে বলে সবার আশা ছিল। কিন্তু সেই আশায় গুড়ে বালি। এখানে যে তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে তা পুরোনো, অস্পষ্ট, নয়তো অসম্পূর্ণ। এভাবে সরকারি কাজের তথ্য জানার অধিকার থেকে সবাইকে বঞ্চিত করা হলো।