৬৪২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ১৬ উপজেলার ৬৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এর মধ্যে চৌদ্দগ্রাম, মুরাদনগর, দেবীদ্বার, বরুড়া, নাঙ্গলকোট, দাউদকান্দি ও মনোহরগঞ্জ উপজেলায় শূন্য পদের সংখ্যা বেশি। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়গুলোয় পাঠদান ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৯৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ওই ৬৪২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে চৌদ্দগ্রামে ৬৯টি, মুরাদনগরে ৬৩, দেবীদ্বারে ৬১, বরুড়া ৬০, নাঙ্গলকোটে ৫৬, দাউদকান্দিতে ৪৬, মনোহরগঞ্জে ৪৩, ব্রাহ্মণপাড়ায় ৩৪, তিতাসে ৩৪, সদর দক্ষিণে ৩৪, হোমনায় ২৮, বুড়িচং ২৬, চান্দিনায় ২৫, মেঘনায় ২৫, লাকসামে ২০ ও আদর্শ সদর উপজেলায় ১৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক বরুড়ার অন্তত চারটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, প্রধান শিক্ষক না থাকার কারণে সহকারী শিক্ষকেরা বিদ্যালয়ে পুরো সময় উপস্থিত থাকেন না। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষকদের মধ্যে দলাদলির সৃষ্টি হচ্ছে।
জানতে চাইলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও কুমিল্লার মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদকে দ্বিতীয় শ্রেণি ঘোষণা করেছে। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ১০ বছর ধরে শিক্ষকদের পদোন্নতির বিষয়টি আটকে আছে। সহকারী শিক্ষক থেকেই শূন্য পদের প্রধান শিক্ষকের পদগুলো পূরণ হবে। মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মধ্যে কারা ওই পদোন্নতি দেবে, তা নিয়েও রয়েছে ঝামেলা। ওই কারণে শূন্য পদগুলো পূরণ করা যাচ্ছে না। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম গত শুক্রবার প্রথম আলোকে বলেন, শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইনি জটিলতা থাকায় এত দিন ওই পদগুলো পূরণ করা যায়নি। এখন আর ওই আইনি জটিলতা নেই। শিগগিরই ওই শূন্য পদগুলো পূরণ করা হবে।