৬৫ কেন্দ্রে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৩ জেলায় বন্ধ করে দেওয়া ৬৫টি ভোটকেন্দ্রে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, ভোট গ্রহণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রার্থীরা রয়েছেন।
গতকাল বুধবার এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন কমিশন সচিবালয়ের উপসচিব সামসুল আলম। গত মঙ্গলবার রাতে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।
গতকাল সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘কমিশন গণমাধ্যমের সংবাদ পরীক্ষা-নিরীক্ষা করবে। তার ভিত্তিতে সারা দেশের যেসব জায়গায় অনিয়ম হয়েছে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য এ ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। কারণ, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’ ১১ জনের প্রাণহানি সম্পর্কে শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর এ বিষয়ে মন্তব্য করা যাবে।
কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, সাতক্ষীরার বিষয়ে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য জেলার অনিয়মের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের দ্বিতীয় ধাপে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার অনিয়মের কারণে কমিশন ৪৪টি ইউনিয়নের ৬৫টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়। কমিশন সচিবালয়ের সরবরাহ করা তথ্য থেকে জানা যায়, সাতক্ষীরার ১১টি কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারা হয়। এ সময় দায়িত্বরত পুলিশ নির্বিকার থাকে। কমিশন এসব কেন্দ্রে পুলিশের দায়িত্বপ্রাপ্ত ১১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে। এ ছাড়া কেন্দ্রে যেসব প্রার্থীর পক্ষে সিল মারা হয়েছে তাঁদের প্রধান আসামি করে মামলা করার পর গ্রেপ্তার করতে বলা হয়েছে।
অনিয়মের ব্যাখ্যা জানতে কমিশন সাতক্ষীরার পুলিশ সুপার এবং জেলার সদর, তালা, শ্যামনগর, কলারোয়া ও দেবহাটা থানার ওসিদের কমিশনে তলব করার সিদ্ধান্ত নিয়েছে।
সাতক্ষীরা ছাড়াও খুলনার দিঘলিয়া, পিরোজপুরের কাউখালী, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া, লক্ষ্মীপুরের কমলনগর, বরগুনা সদর, ভোলার সদর ও দৌলতখান, কুমিল্লার দেবীদ্বার, নোয়াখালীর সুবর্ণচর, পটুয়াখালীর সদর, দশমিনা, গলাচিপা, বাউফল ও কলাপাড়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কক্সবাজারের মহেশখালী, বরিশালের সদর, উজিরপুর, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া এবং সিলেট সদর উপজেলার মোট ৫১টি ইউনিয়নের নির্বাচন বন্ধ করা হয়েছে। কমিশন সচিবালয়ের নথিতে বলা হয়েছে, কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই, প্রার্থীর পক্ষে জোরপূর্বক সিল মারা, ব্যালট বাক্স ভাঙচুর, ভোটের আগের রাতে কেন্দ্রে ঢুকে প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারা ইত্যাদি কারণে এসব কেন্দ্রের ভোট বন্ধ করা হয়।
চিঠিতে কমিশন বলেছে, নির্বাচনী অনিয়মের সঙ্গে জ্ঞাত-অজ্ঞাত যে-ই জড়িত থাকুক, প্রাথমিক প্রমাণ পাওয়ামাত্র তাদের বিরুদ্ধে মামলা করতে হবে।