৬৫ তোরণে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল্যাহ জসিমকে সংবর্ধনা দিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ‘পানি ও স্যানিটেশন রিসোর্স প্রোগ্রামে’ অংশ নিয়ে সাত দিনের কেনিয়া সফর শেষে গতকাল বৃহস্পতিবার এলাকায় ফিরলে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
তাঁকে সংবর্ধনা দিতে উপজেলা শহরে নির্মাণ করা হয়েছে ৬৫টি তোরণ। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা তোরণগুলো নির্মাণ করেছেন। তোরণ নির্মাণের জন্য বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নেতা-কর্মীরা জানান, গতকাল সকাল ১০টায় দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কেনিয়ায় ‘পানি ও স্যানিটেশন রিসোর্স প্রোগ্রামে’ অংশ নেওয়ার জন্য তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের অভিযোগ, তোরণ নির্মাণের জন্য মৎস্য ব্যবসায়ী সমিতি, জুয়েলারি সমিতি, অটোরিকশা মালিক সমিতি, নছিমন-করিমন মালিক সমিতি, কাপড় ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে। ওই সব তোরণে নেতা-কর্মীরা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, কুঞ্জেরহাট থেকে তজুমদ্দিন উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়কে প্রায় ৬৫টি তোরণ নির্মাণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর বলেন, তজুমদ্দিন আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে এসব তোরণ নির্মাণ করা হয়েছে। এখানে কোনো চাঁদাবাজি হয়নি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল্যাহ জসিম বলেন, ‘নেতা-কর্মীদের নিষেধ করা সত্ত্বেও তাঁরা আমাকে ভালোবেসে সংবর্ধনা দিয়েছেন।’