৬৫ দিন ধরে পড়ে আছে ভারতীয়র লাশ
হস্তান্তর জটিলতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে ৬৫ দিন ধরে পড়ে আছে এক ভারতীয় নাগরিকের লাশ। লাশটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষও পড়েছে বিপাকে। দীর্ঘ সময় লাশটি পড়ে থাকায় দুর্গন্ধে হিমঘরটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
পুলিশ জানা গেছে, হিমঘরে রাখা ব্যক্তির নাম গোলক সরকার (৪৮)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার আয়ড়া গ্রামের প্রহ্লাদ সরকারের ছেলে। বাগেরহাটের চিতলমারীতে জামাতার বাড়িতে বেড়াতে আসেন গোলক। গত ২২ ডিসেম্বর ওই এলাকার একটি ঘের থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশটি বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাখার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৩ ডিসেম্বর বাগেরহাটের চিতলমারী থানা থেকে গোলক সরকারের লাশ হিমঘরে বিনা খরচে রাখার জন্য পাঠায় পুলিশ। এরপর ৬৫ দিন অতিবাহিত হলেও লাশ নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তা ছাড়া ২৫ ডিসেম্বর থেকে প্রায় এক সপ্তাহ হিমঘরটি নষ্ট ছিল। এ সময়ে লাশটি বাইরে কফিন করে বরফ দিয়ে রাখা হয়। কিন্তু লাশে পাচন ধরে। লাশটি এত দিন পড়ে থাকায় হিমঘরটি দুর্গন্ধে খোলা যাচ্ছে না। দুর্গন্ধের কারণে নতুন কোনো মরদেহ হিমঘরে রাখা সম্ভব হচ্ছে না।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতাউর রহমান বলেন, হিমঘরে ছয়টি লাশ রাখা যায়। কিন্তু এখন একটিও রাখা যাচ্ছে না।
৮ ফেব্রুয়ারি লাশটি অন্যত্র সরিয়ে নিতে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের কাছে আবেদন করা হয়। তিনি ১৭ ফেব্রুয়ারি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লাশটি ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য নিদেশ দেন। কিন্তু এ নিদেশের পর এক সপ্তাহের বেশি হয়ে গেলেও লাশটি নেওয়ার কোনো উদ্যোগ নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতাল তত্ত্বাবধায়ক (সুপার) আনন্দ মোহন সাহা বলেন, ‘কোটের নিদেশে লাশটি রাখা হয়। কয়েক দিনের মধ্যে লাশটি নিয়ে যাওয়া হবে বলে আমরা মনে করেছিলাম। দীর্ঘদিন লাশটি পড়ে থাকায় ও গন্ধ হয়ে যাওয়ায় এ সমস্যা সমাধানের জন্য কয়েকবার টেলিফোনে বাগেরহাট জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। কিন্তু এটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঘটনা হওয়ায় তারাও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছে না। লাশটি এত দিন পড়ে থাকায় প্রচণ্ড দুর্গন্ধ হয়েছে। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ওই এলাকায় চিকিৎসক, সেবিকারা কাজ করতে পারছেন না।’
এ ব্যাপারে জানতে চাইলে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিদেশি নাগরিক বলে আদালতের নিদেশে লাশটি ওখানে রাখা হয়েছে। লাশটি নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে।