৬৫ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে উপজেলায় ১২০ জন সহকারী শিক্ষকের পদও শূন্য।
উপজেলায় ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ের ১৫-১৬ জন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। অথচ আর কয়েক দিন পরই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এর প্রভাব বিদ্যালয়গুলোর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে পড়বে।
উপজেলার ধামাইনগর ইউনিয়নের আন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় খুব সমস্যায় পড়েছেন তাঁরা। প্রশাসনিক বিভিন্ন কাজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে হয়। তখন সমস্যা আরও প্রকট হয় বলে তাঁরা জানান। একই ধরনের কথা বলেন ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলকা ইউনিয়নের পূর্ব মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন সহকারী শিক্ষক।
ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির সাতজন শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক না থাকায় ঠিকমতো ক্লাস হয় না। বিদ্যালয়টির দুজন অভিভাবক বলেন, শিক্ষকের সংকট থাকায় অনেক সমস্যা হচ্ছে। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমির হোসেন বলেন, সংসারের মতো বিদ্যালয়েরও মুরব্বি দরকার। প্রধান শিক্ষক হলেন বিদ্যালয়ের মুরব্বি। তাঁর পদ শূন্য থাকলে নানা রকম সমস্যা হয়।
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২০ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। উপজেলার ধুবিল ইউনিয়নের চুনিয়াখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজমিলুর রহমান বলেন, ১৩২ জন শিক্ষার্থীর এ বিদ্যালয়ে চারজন শিক্ষকের পদ থাকলেও গত ৩০ জুন থেকে তিনি একাই পাঠদান করেছেন। অবশ্য ২৫ জুলাই থেকে সাময়িক সংযুক্তির ভিত্তিতে একজন শিক্ষককে নিয়োগ দেওয়ায় তিনিসহ দুজন মিলে বিদ্যালয়ে কোনোমতে পাঠদান চালাচ্ছেন। কোনো দিন অসুস্থতা বা অন্য কোনো কারণে কেউ ছুটি নিলে অন্যজনকে একাই বিদ্যালয় সামলাতে হয় বলে তিনি জানান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাবলু হোসেন বলেন, শিক্ষকের জন্য অনেক আবেদন করেও কোনো কাজ হয়নি।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন বলেন, বদলি ও অবসর গ্রহণের কারণে প্রধান শিক্ষকের ৬৫টি ও সহকারী শিক্ষকের ১২০টি পদ খালি রয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও সহকারী শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে এ সমস্যার সমাধান হবে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে শূন্যপদগুলো যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করতে সংশ্লিষ্ট দপ্তরকে বলা হবে।