সরকারি চাকরি থেকে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের করা আপিলের আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন আইনজীবী রফিকুর রহমান, আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ূন, এ এম আমিন উদ্দিন, শেখ ফজলে নূর তাপস ও আজহার উল্লাহ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের পর আজহার উল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের আদেশের পর মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনে আইনগত কোনো বাধা নেই। বর্তমানে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০ বছর।
২০০৬ সালের ১২ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক নির্দেশনায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের ব্যবস্থা নিতে বলা হয়। ওই নির্দেশনা না মানায় মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শিকদার ২০১৩ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।