৬৫ বছর পর পাহাড়ি জনপদে শহীদ দিবস পালন
ভাষাসংগ্রামের ৬৫ বছর পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম পাহাড়ি ডলুছড়া পুঞ্জিতে (ক্ষুদ্র জাতিসত্তা খাসিয়া ও গারো সম্প্রদায়ের গ্রাম) গতকাল মঙ্গলবার শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাসের সক্ষমতা প্রকল্প এ উদ্যোগ নেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডলুছড়া পুঞ্জি উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় পড়েছে। গতকাল সকাল ছয়টার দিকে পুঞ্জির খেলার মাঠের এক পাশে কলাগাছ দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনারে খাসিয়া ও গারো সম্প্রদায়ের শিশুরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর প্রভাতফেরি বের করা হয়। এ ছাড়া শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ডলুছড়ার পাশাপাশি পাশের কুকিজুড়ী ও বেলুয়া পুঞ্জির শিশু ও অভিভাবকেরা অংশ নেন।
সকাল ১০টার দিকে ডলুছড়া পুঞ্জিতে কারিতাস পরিচালিত আলোঘর বিদ্যালয়ে পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) লবিং সুমেরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আফ্রিকা স্যুটিং। বেসরকারি সংস্থা কারিতাসের সক্ষমতা প্রকল্পের অধীনে এসব অনুষ্ঠান করা হয়।