৬৫ বছরেও মংলা বন্দরের উদ্ধারকারী জাহাজ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ৬৫ বছর পার। তবু মংলা বন্দরের নিজস্ব কোনো উদ্ধারকারী জাহাজ নেই। নেই নিঃসৃত তেল অপসারণকারী কোনো জলযান। এ কারণে বন্দরের পশুর চ্যানেলে কোনো দুর্ঘটনা ঘটলে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রায় কিছুই করার থাকে না। এতে দুর্ঘটনার পর সুন্দরবনের বিপর্যয় ও ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।
মংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৫০ সালে বাগেরহাট জেলায় বঙ্গোপসাগর থেকে প্রায় ১৩১ কিলোমিটার ভেতরে চালনা অ্যাংকারেজ নামে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দরটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ সালে চালনা নাম পরিবর্তন করে এটি মংলা বন্দর রাখা হয়। ৬৫ বছর পার হয়ে গেলেও এই বন্দরের এখন পর্যন্ত নিজস্ব উদ্ধারকারী জাহাজ নেই। গত বছরের ৯ ডিসেম্বর পশুর চ্যানেল-সংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী কার্গোডুবির পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বন্দর কর্তৃপক্ষ নিঃসৃত তেল অপসারণকারী একটি জলযান কেনার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি প্রকল্প পাঠায়। ২৭ কোটি টাকা প্রাক্কলন করে এ প্রকল্প এখনো অনুমোদিত হয়নি। আর উদ্ধারকারী জাহাজের জন্য এখনো কোনো প্রকল্পই প্রস্তাব করা হয়নি।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্যাপ্টেন রফিক প্রথম আলোকে বলেন, গত বছর নাব্যতা-সংকটের কারণে মংলা বন্দরের সঙ্গে সারা দেশের যোগাযোগের একমাত্র পথ মংলা-ঘষিয়াখালী চ্যানেল বন্ধ হয়ে যায়। এরপর সুন্দরবনের শ্যালা নদী দিয়ে বিকল্প পথে নৌযান চলাচল শুরু হয়। কিন্তু শ্যালা নদীতে তেলবাহী কার্গোডুবির পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মংলা বন্দর। তখন প্রায় দুই মাস মংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ছিল। তিনি বলেন, ‘এরপর আমরাসহ বন্দর ব্যবহারকারী অন্যান্য প্রতিষ্ঠান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে মংলা বন্দরের জন্য একটি উদ্ধারকারী জাহাজ সংগ্রহ করতে বলেছিলাম। কিন্তু এক বছর শেষ হতে চললেও সে প্রকল্প আলোর মুখ দেখল না।’
মংলা বন্দরের পণ্য খালাসকারী প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ বলেন, একটি বন্দরের কার্যক্রম গতিশীল ও নিরবচ্ছিন্ন রাখতে এর নিজস্ব যন্ত্রপাতি ও জলযান অতি জরুরি। অথচ এখন পর্যন্ত মংলা বন্দরের উদ্ধারকারী কোনো জলযান নেই। বন্দর কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতিই মূলত এর জন্য দায়ী। প্রতিবার দুর্ঘটনা ঘটার পর এ বিষয় নিয়ে অনেক আলোচনা হয়। তারপর আবার সবাই চুপ। বন্দরের উদ্ধারকারী জাহাজ আর আসে না।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘দেখা যায়, একটি জাহাজ দুর্ঘটনায় পড়লে বা ডুবে গেলে তার উদ্ধারকাজ শুরু করতেই কমপক্ষে ১৫ থেকে ২০ দিন লেগে যায়। ফলে বন্দরের চ্যানেল-সংশ্লিষ্ট সুন্দরবনে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। গত এক বছরে তেলবাহী, সারবাহী ও সর্বশেষ এই কয়লাবাহী জাহাজডুবির ঘটনা ঘটল। ধারাবাহিক এই বিপর্যয়ের কারণে সুন্দরবনের যাতে আর কোনো ক্ষতি না হয়, সে জন্য সম্প্রতি বন বিভাগের পক্ষ থেকে আমরা বন্দর কর্তৃপক্ষকে একটি উদ্ধারকারী জাহাজ সংগ্রহের সুপারিশ করেছি।’
জানতে চাইলে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী কার্গোডুবির পর নিঃসৃত তেল অপসারণকারী একটি জলযান সংগ্রহের জন্য একটি প্রকল্প আমরা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। সেটি প্রক্রিয়াধীন আছে। সরকার এ প্রকল্পটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। আশা করছি, শিগগিরই প্রকল্পটি অনুমোদিত হবে। তবে উদ্ধারকারী জাহাজ সংগ্রহের কোনো পরিকল্পনা আপাতত আমাদের নেই। উদ্ধারকারী জাহাজ সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল।’ তিনি আরও বলেন, ‘বন্দরের চ্যানেলে যেসব দুর্ঘটনা অথবা জাহাজডুবির ঘটনা ঘটেছে, তাতে চ্যানেলে নৌযান চলাচল বন্ধ হয়নি। সে রকম বড় কোনো দুর্ঘটনা বা বিপর্যয়ে আমরা সরকারের অন্যান্য সংস্থা, বিশেষ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছ থেকে উদ্ধার-সহায়তা গ্রহণ করতে পারব।’