
মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতী নদীর ওপর সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এরই মধ্যে এ প্রকল্পের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আগামী ফেব্রুয়ারিতে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা বলছেন, সেতুটি নির্মিত হলে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপ কমবে। মাগুরা-নড়াইলের মানুষ কম সময়ে ও স্বল্প খরচে রাজধানীতে যাতায়াত করতে পারবেন। রাজধানীর সঙ্গে এ অঞ্চলের দূরত্ব কমবে অন্তত ৬৫ কিলোমিটার। এর সঙ্গে মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হলে যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন আসবে।
মহম্মদপুর উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, ২০১৩ সালের ৭ নভেম্বর মধুমতী নদীর বাঁশতলা খেয়াঘাট এলাকায় ৬০০ দশমিক ৭০ মিটার পিসি গার্ডার সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরের বছর নভেম্বরে ৫৯ কোটি ৯০ লাখ টাকার কার্যাদেশ পায় ম্যাক্স-রেনকিন নামের নির্মাণ প্রতিষ্ঠান। ২০১৫ সালের মার্চে শুরু হয় সেতুর মূল নির্মাণকাজ। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী জুনে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, মধুমতীর পাড়ে চলছে নির্মাণযজ্ঞ। নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতিতে নদীর দুই পাড় ঠাসা। ক্রেন, হ্যামার ও মিকশ্চারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে নির্মাণকাজে। নির্মাণকাজের তদারকিতে রয়েছেন এলজিইডির মহম্মদপুর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী রবিউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন গার্ডার বিম ও রুক স্লাবের কাজ চলছে। আগামী জুনের মধ্যে কাজ শেষ করার কথা। নির্ধারিত সময়ের চার-পাঁচ মাস আগেই কাজ শেষ হবে এবং সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।
সেতুর নির্মাণকাজ দেখতে প্রতিদিন নদী পাড়ে ভিড় করছেন অসংখ্য মানুষ। সেতুসংলগ্ন জাঙ্গালিয়া গ্রামের শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম বলেন, এ সেতুর মাধ্যমে কৃষিভিত্তিক এ অঞ্চলের মানুষ উৎপাদিত পণ্য কম সময়ে এবং কম খরচে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠাতে পারবেন। তা ছাড়া উন্নত যোগাযোগব্যবস্থার কারণে এখানকার মানুষের দ্রুত আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।
আরেক শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। সেতুটি খুলে দেওয়ার আশায় আমরা দিন গুনছি। এটি উন্মুক্ত হলে মাগুরা ও নড়াইল জেলার মানুষ ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম খরচ ও সময়ে সহজে যাতায়াত করতে পারবেন।’
স্থানীয় সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার বলেন, ‘মধুমতী নদীর ওপর সেতু নির্মাণ আমার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। সেতুর ওপর দিয়ে জনগণের পার হওয়ার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।’