৬৫ ভারতীয় গরু গোপনে নিলাম বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উদ্ধার করা ৬৫টি ভারতীয় গরু তিন দফায় গোপনে নিলামের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল বুধবার উপজেলার জামতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা হয়েছে। পরে এর প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগের বিবরণ অনুযায়ী, তিন দফায় উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আনার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৫ সদস্যরা ৬৫টি ভারতীয় গরু উদ্ধার করেন। এর মধ্যে গত রোববার গোপনে ২১টি গরু জয়মনিরহাট শুল্ক কার্যালয়ে মাইকিং ও বিজ্ঞপ্তি ছাড়াই নিলাম হয়। জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন ৩ লাখ ৬৯ হাজার টাকায় গরুগুলো কিনে ৭ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করেন। গত মঙ্গলবার একই কায়দায় আরও ২৯টি গরু গোপনে নিলাম হয়। আওয়ামী লীগের একজন নেতা ২ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকায় গরু কেনেন এবং তাৎক্ষণিক ৬ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। পরে লাভের টাকা ভাগাভাগি করে নেন। গতকাল বুধবার ভোরে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পে গোপনে ১৫টি গরু ২ লাখ ৮৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। আওয়ামী লীগের দুই নেতার যোগসাজশে ফারুক নামের এক ব্যক্তি গরুগুলো কেনেন। পরে ঘটনাস্থলেই ৯ লাখ টাকায় বিক্রি করে টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেন। এ হিসাব অনুযায়ী তিন দফার নিলামে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ১৪ লাখ টাকা।
গতকাল বেলা ১১টায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিনের নেতৃত্বে স্থানীয় উপজেলার জামতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা হয়। বিক্ষুব্ধ সাধারণ ব্যবসায়ীরাও এতে যোগ দেন। এতে বক্তব্য দেন নিরঞ্জন রায়, মাহবুবার রহমান, শাহীন ব্যাপারী, তৌহিদুর রহমান প্রমুখ। পরে তাঁরা ইউএনওর কাছে স্বজনপ্রীতি ও অনিয়মের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দেন।
ইউএনও আজাহারুল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
ভূরুঙ্গামারী উপজেলার দায়িত্বে থাকা শুল্ক কর্মকর্তা শিকদার গোলাম সরওয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নিলামের ব্যাপারে কোনো মন্তব্য না করে বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু চোরাই গরু উদ্ধার করা।’