৬৫ মামলার আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ৬৫টি মামলার আসামি নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ফুলবাড়িয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারো বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। নজরুল ইসলাম ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত কয়েক বছরে এলাকায় ছিনতাই, মারামারি, সরকারি গাছ কাটা, ডাকাতিসহ ৬৫টি মামলা হয় নজরুলের বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া অভিযান চালিয়ে মধুপুর উপজেলার গারো বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া প্রথম আলোকে জানান, নজরুলের নামে ৬৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর আগে ছয়টি মামলায় তাঁর বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে নজরুলকে কারাগারে পাঠানো হয়েছে।