৬৫ লাখ টাকার কাজ পেতে ছাত্রলীগ পরিচয়ে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা বন্দুকের মুখে, সব বন্ধ করে সবাই পরিচালকের কক্ষে। আপনি কি দয়া করে আমাদের উদ্ধার করতে পারেন?’ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গতকাল সোমবার সন্ধ্যায় ইংরেজিতে লেখা এই খুদে বার্তাটি তাঁর সহকর্মী ও সাংবাদিকদের মুঠোফোনে পাঠান।
একটি ঠিকাদারি কাজ পেতে গতকাল বিকেল থেকে রাজধানীর মহাখালীতে পুষ্টি প্রতিষ্ঠানে ভিড় জমান ছাত্রলীগ-যুবলীগ পরিচয়-দানকারী বেশ কিছু তরুণ ও যুবক। এঁদের কয়েকজনের কাছে অস্ত্রও ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। এঁরা প্রতিষ্ঠানটির পরিচালকসহ কর্ম-কর্তাদের সঙ্গে রূঢ় আচরণ করেন। ‘আমাদের কাজ দিতে হবে, না দিলে খবর আছে’ বলে হুমকিও দেন সবাইকে। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ সেখানে গেলে ছাত্রলীগ-যুবলীগ নামধারীরা পরিচালকের কক্ষ থেকে বের হয়ে যান। তবে রাত সাড়ে আটটার দিকে সেখানে গিয়েও একদল অচেনা লোককে কার্যালয়টির নিচে মাইক্রোবাস-মোটরসাইকেলসহ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুলিশের দুজন কর্মকর্তা তখন পরিচালকের কক্ষেই বসে ছিলেন।
জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হেদায়েতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভিটামিন এ প্লাস প্রচারণার জন্য কয়েকটি পত্রিকায় ক্রোড়পত্র ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি দ্রুততম সময়ে করার জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দরপত্র না ডেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে পুষ্টিপ্রতিষ্ঠানই সরাসরি কোনো একটি বিজ্ঞাপনী সংস্থাকে কাজের দায়িত্ব দেবে। প্রায় ৬৫ লাখ টাকার (২০ শতাংশ মূসক বাদে) এ কাজের জন্য কয়েক দিন ধরেই ছাত্রলীগ ও যুবলীগ পরিচয়দানকারীরা আসছিলেন। তাঁরা তাঁদেরকে কাজটি দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। গতকাল বিকেল পাঁচটার দিকে প্রথম একদল আসেন। তাঁদের একজন নিজেকে যুবলীগের নেতা বলে পরিচয় দেন। তাঁরা কাজের জন্য চাপ দিতে থাকেন। এর মধ্যে আরও কয়েক দল তরুণ ও যুবক অফিসে আসেন। পরিচালক বলেন, ‘ওরা আমার সঙ্গে ও আমার কর্মকর্তাদের সঙ্গেও অ্যাগ্রেসিভ আচরণ করে।’
প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, ওই তরুণ যুবকদের দল নিজেদের স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী বলে পরিচয় দেন। আবার একদল এসে নিজেদের তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা-কর্মী হিসেবেও পরিচয় দেন। তাঁদের কয়েকজনের কোমরে আগ্নেয়াস্ত্র ছিল।
পরিচালকের কার্যালয়ে বনানী থানার দুজন উপপরিদর্শকের সঙ্গে দেখা হয়। এখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তাঁরা জানান। রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহাবুব হাসান বলেন, রাত পর্যন্ত জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠান থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।