৬৫ হাজার টাকার জাল বিল জব্দ, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে প্রায় ৬৫ হাজার টাকা মূল্যমানের ২৪টি জাল বিল জব্দ করেছে মিল কর্তৃপক্ষ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার পাঁচজনের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা হয়।
উপজেলার বাহাদীপুর গ্রামের আবদুল আওয়াল বলেন, মিল ও কৃষকদের মাঝখানে কিছু মানুষ বিল ব্যবসায়ী হিসেবে কাজ করেন। মিল থেকে কৃষকদের যে বিল দেওয়া হয়, তাঁরা সে বিল কিছুটা কমে কৃষকদের কাছ থেকে কিনে নেন। পরে মিল থেকে তা নেন। ১০ থেকে ১২ দিন আগে মিলের কর্মচারী খন্দকার সৈকত নগদীকরণের (বিলের বিপরীতে টাকা প্রদান) কথা বলে তাঁর কাছ থেকে ১৩টি বিল নেন। এর কয়েক দিন পর দুটি বিলের মূল্য বাবদ পাঁচ হাজার টাকা ও বাকি ১১টি বিল ফেরত দেন। বিলগুলো দেখে সন্দেহ হলে তিনি সেগুলো নিয়ে মিল কর্তৃপক্ষের কাছে যান। পরীক্ষার পর বিলগুলো জাল প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ তা জব্দ করে।
এ ঘটনায় মিল কর্তৃপক্ষ ২৮ মার্চ লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই সঙ্গে একটি তদন্ত কমিটি করা হয়। গত রোববার তদন্ত কমিটির প্রতিবেদনে বিল জালিয়াতির সঙ্গে সৈকতসহ কয়েকজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এদিকে অভিযুক্ত সৈকত এ ব্যাপারে কোনো বক্তব্য করতে রাজি হননি।