৬৫ হাজার পাসপোর্ট বই বাতিল

মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মলাট এত শক্ত যে ছাপতে গিয়ে যন্ত্রই ভেঙে যাচ্ছে। পাসপোর্ট বইয়ের মাঝের সেলাই এলোমেলো হওয়ায় ছবির স্থানে ছবি, কিংবা অন্যান্য প্রয়োজনীয় অংশের ছাপ বসছে না। এমনকি অত্যন্ত জরুরি পাসপোর্টের লেমিনেশনের অংশেও ঠিকমতো ছাপ পড়ছে না।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, ব্রিটিশ কোম্পানি ‘ডে লা রু’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩ লাখ এমআরপি বই সরবরাহ করেছে। কিন্তু সরবরাহ করা এসব বই নিম্নমানের হওয়ায় ৬৫ হাজার বাতিল করেছে বহিরাগমন অধিদপ্তর। বাতিল হওয়া বইগুলোর কারণে (গ্রাহক পর্যায়ে বইপ্রতি তিন হাজার টাকা করে) মোট ১৮ কোটি ৯০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে সরকারের।
ডে লা রু-এর সরবরাহ করা এমআরপি বই বিষয়ে এ ধরনের বিভিন্ন অভিযোগসহ ২৫ ফেব্রুয়ারি মেশিন রিডেবল পাসপোর্ট প্রস্তুতকারী প্রকল্পের উপপরিচালক লে. কর্নেল সাঈদ আহম্মেদ পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেন। তাতে বলা হয়েছে, ‘ডে লা রু-এর সরবরাহ করা পাসপোর্ট বই খুবই নিম্নমানের। বইয়ের নম্বর খুবই অস্পষ্ট হওয়ায় তা যন্ত্রে পাঠযোগ্য নয়। ফলে পাসপোর্ট বইয়ে যেখানে খোদাই করা নম্বর থাকার কথা তা ফাঁকা রয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে বইয়ের নম্বর অস্পষ্ট থাকায় যন্ত্র ভুল নম্বর পাঠ করে ভুল নম্বর ছাপিয়ে ফেলছে।’
চিঠিতে আরও জানানো হয়েছে, ‘পাসপোর্টের মলাট অত্যন্ত শক্ত হওয়ায় ছাপা যন্ত্রের ভেতরে জেম (ক্রাশ) তৈরি করছে। এতে যন্ত্রাংশ ভাঙাসহ স্পর্শকাতর যন্ত্রাংশগুলো স্থায়ীভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। যা ঠিক করতে অনেক অর্থের প্রয়োজন।’ আরও উল্লেখ করা হয়, ‘পাসপোর্টের বই শক্ত হওয়ায় রোলার যন্ত্র ঠিকভাবে বইটি রোল করতে পারে না। ইতিমধ্যে বেশ কয়েকটি রোলার যন্ত্রও ভেঙে গেছে। অন্যদিকে অসম রোলিংয়ের জন্য ছাপও এলোমেলোভাবে পড়ছে। এ ছাড়া পাসপোর্ট বইয়ের শেষ পাতায় ডে লা রু-এর মুদ্রিত বারকোডও (যন্ত্রে পাঠযোগ্য কম্পিউটার প্রদত্ত পরিচিতি) যন্ত্র পড়তে পারছে না। বইয়ের দ্বিতীয় পাতায় স্মৃতিসৌধের ছবি গাঢ় হওয়ায় পাসপোর্টধারীর অতিবেগুনি (আল্ট্রাভায়োলেট) ছবি অস্পষ্ট হয়ে যায়। বইয়ের যন্ত্রে পাঠযোগ্য অংশে লাল সুতা (ফাইবার) থাকায় কিছু পাসপোর্টের বারকোড যন্ত্র একদমই পড়তে পারে না।’
নাম না প্রকাশের শর্তে একাধিক কর্মকর্তা জানান, অভিযোগসংক্রান্ত চিঠি গত ফেব্রুয়ারিতে দেওয়া হলেও এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। এমনকি একটি এমআরপি বইয়ে ৩৮টি নিরাপত্তা চিহ্ন থাকার কথা বলা হলেও সরবরাহ করা বইগুলোতে মাত্র ৩০টি চিহ্ন রয়েছে। বিষয়টি দরপত্র মূল্যায়ন কমিটির হাতে ধরা পড়ে। এটি পরে শুধরে নেওয়ার কথা থাকলেও পাসপোর্ট বই সরবরাহ শুরুর পর থেকে এ পর্যন্ত একটি বইও পরীক্ষা করে দেখা হয়নি। তাঁদের হিসাবে প্রতিটি নিরাপত্তা চিহ্ন ১০ সেন্ট করে ডে লা রু প্রতি পাসপোর্ট বইপ্রতি অতিরিক্ত ৮০ সেন্ট নিচ্ছে।
এসব বিষয়ে জানতে চাইলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মাবুদ প্রথম আলোকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এসব খবর কে দেয় আপনাদের? সব ভুয়া খবর।’
ডে লা রু-এর বক্তব্য জানতে বাংলাদেশি প্রতিনিধি মুনীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি গণমাধ্যমে কোনো কথা বলতে পারবেন না জানিয়ে কোম্পানির জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তাঁর পরামর্শমতো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জনসংযোগ কর্মকর্তা রবার্ট হাটসিচনের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হয়। কিন্তু তাতেও কোনো উত্তর মেলেনি। প্রতিটি ই-মেইলে অটো রিপ্লাইয়ে জানানো হয়েছে, রবার্ট অফিস করছেন না।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১৯০টি দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী এমআরপি পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়। ওই চুক্তি অনুযায়ী ২০১৫ সালের পর এমআরপি ছাড়া কোনো দেশে ভ্রমণ সম্ভব নয়। এ কারণে ২০১০ সালের ১ এপ্রিল থেকে এমআরপি ইস্যু শুরু করে বাংলাদেশ সরকার।