৬৫ হাজার প্যাকেট ইফতারি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলি করার জন্য ইফতারি প্যাকেটে ভরছেন স্বেচ্ছাসেবীরা। ছবিটি সম্প্রতি বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যালয় থেকে তোলা l প্রথম আলো
বিলি করার জন্য ইফতারি প্যাকেটে ভরছেন স্বেচ্ছাসেবীরা। ছবিটি সম্প্রতি বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যালয় থেকে তোলা l প্রথম আলো

বড় কড়াইয়ে জিলাপি ভাজা হচ্ছে। নানা বয়সের ৮-১০ জন কর্মী মেঝেতে বসে ইফতারি প্যাকেট করছেন। কয়েকজন তা গাড়িতে তুলছেন। সব কাজ গুছিয়ে একদল কর্মী ইফতারি বিতরণের জন্য রওনা দিলেন। রমজান মাসের শুরু থেকেই বিদ্যানন্দ ফাউন্ডেশনে এটি প্রতিদিনের দৃশ্য।

ইফতার পর্ব শেষ হলে শুরু হয় সাহ্‌রির আয়োজন। রাত দুইটায় স্বেচ্ছাসেবকেরা খাবারের প্যাকেট নিয়ে ছোটেন রাজধানীর বিভিন্ন বস্তি এবং ছিন্নমূল ও ভাসমান মানুষের কাছে। তাদের হাতে তুলে দেন খাবারের প্যাকেট।

বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিদিন দুই হাজার প্যাকেট ইফতারি বিতরণ করছে। ইফতারে বুট, পেঁয়াজিসহ অন্যান্য খাবার রান্না হচ্ছে রাজধানীর পল্লবীতে, ফাউন্ডেশনের কার্যালয়ে। রান্নার জন্য বাবুর্চি আছেন, তবে বেশির ভাগ কাজই করছেন ৪০ থেকে ৬০ জন স্বেচ্ছাসেবক।

শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও ময়মনসিংহ মিলিয়ে মোট আটটি শাখায় চলছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইফতার ও সাহ্‌রির আয়োজন। গত বুধবার পর্যন্ত সারা দেশে ৬৫ হাজার ইফতারির প্যাকেট বিতরণ করা হয়েছে। এবার রমজানে এক লাখ ইফতারির প্যাকেট বিতরণ করার ইচ্ছা প্রতিষ্ঠানটির।

বিদ্যানন্দ ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান কিশোর কুমার দাশ। পেরুতে মাল্টিন্যাশনাল কোম্পানি গুগল অ্যাপ প্রিমিয়ার পার্টনারের একজন পরিচালক ৩৬ বছর বয়সী এই উদ্যোক্তা। প্রতিবছর পবিত্র রমজানে তিনি দেশে আসেন ফাউন্ডশনের ইফতার এবং সাহ্‌রির কার্যক্রম তদারকির জন্য। কাজ তদারক করতে করতেই বললেন, ‘জীবনের ১৮ বছর বয়স পর্যন্ত আর্থিক অনটনের কারণে খাবারের অভাব কাকে বলে, অপমান কাকে বলে, তা ভালো করেই জানি। অর্থের অভাবে পড়াশোনাও একসময় বন্ধ হয়ে গিয়েছিল। তারপর একসময় আবার জীবনে নাটকীয় পরিবর্তন আসে।’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্লোগান হলো, পড়ব, খেলব, শিখব। ফাউন্ডেশনের কার্যালয়ে দরিদ্র পরিবারের শিশুদের বিনা মূল্যে পড়ানো হয়। রমজান ছাড়া অন্য সময় ফাউন্ডেশন এক টাকায় গরিবদের খাবার দেয়। এক টাকায় চিকিৎসাও দেওয়া হয়। এক টাকা করে নেওয়ার কারণ, যাতে কেউ একে ভিক্ষা বা দান মনে না করে। তবে ইফতার ও সাহ্‌রির জন্য ওই প্রতীকী টাকাও নেওয়া হয় না। 

গত বৃহস্পতিবার দুপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে দেখা যায় স্বেচ্ছাসেবকেরা ব্যস্ত। স্বেচ্ছাসেবক গৃহিণী সুলতানা জান্নাত পেঁয়াজ কাটছিলেন। সকাল সাড়ে আটটায় এসেছেন, বাড়ি ফিরবেন রাত আটটা নাগাদ। নিজের বাসার ইফতারের আয়োজন বাদ দিয়ে এখানে শ্রম দিচ্ছেন? জবাবে বললেন, ‘বাসায় তো মাত্র কয়জন। একটু কম খেলে সমস্যা নেই। আর আমি এখানে শত শত মানুষের ইফতারি বানানোর কাজে সাহায্য করছি। এটা অনেক বড় তৃপ্তির।’

মানিকগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের চিকিৎসক আসমা আক্তার জানালেন, সারা বছরের পাওয়া ছুটি রমজানে নেওয়ার চেষ্টা করেন তিনি, যাতে ইফতারি ও সাহ্‌রির এই আয়োজনে অংশ নিতে পারেন। বিকেল চারটার দিকে তিনি ইফতারের প্যাকেট নিয়ে ছুটলেন বিহারি ক্যাম্পের দিকে। সেখানে প্রথমে মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন, তারপর ইফতারি বিতরণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী উম্মে মাহবুবা ফাউন্ডেশনে অনেকটা পুষ্টিবিজ্ঞানীর কাজ করছেন। বিভিন্ন প্যাকেট বিতরণের আগে দেখে দিচ্ছেন সব ঠিক আছে কি না।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন করা সাড়ে তিন বছর বয়সী এই প্রতিষ্ঠানটি সম্পর্কে কিশোর কুমার দাশ বলেন, ‘দেড় বছর একদম নিজের টাকায় প্রতিষ্ঠানটি পরিচালনা করেছি। তবে এখন ব্যক্তি ও দেশীয় প্রতিষ্ঠানের অনুদানে চলছে। সারা বছর কোনো প্রতিষ্ঠান গাড়ি দিচ্ছে, কোনো প্রতিষ্ঠান খাবার দিয়ে যাচ্ছে। গত এক বছরে যে পরিমাণ অনুদান পাওয়া গেছে, তাতে আর নিজের পকেট থেকে কোনো টাকাই খরচ করতে হয়নি।’ তিনি বলেন, তাঁর ফাউন্ডেশন থেকে যে খাবার দেওয়া হচ্ছে তা না দিলে মানুষ যে মারা যাবে তা নয়, তবে এই খাবারের টাকাটা বাঁচিয়ে পরিবারগুলো অন্য খাতে খরচ করতে পারবে। আরেকটা উদ্দেশ্য হলো, এর মাধ্যমে এটা প্রমাণ করা যে, স্বেচ্ছাসেবকেরা চাইলে অনেক বড় কাজ করতে পারেন বা করা যায়।