৬৫০ পরিবারের বসতভিটা পদ্মায়
পদ্মার ভাঙনে গত দুই সপ্তাহে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলার ১২টি গ্রামের ৬৫০ পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় লোকজন তাঁদের বসতঘর ও মালামাল সরিয়ে নিচ্ছেন। অনেকেই বেড়িবাঁধ ও রেললাইনের পাশে আশ্রয় নিয়েছেন। বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা ও শৌচাগার না থাকায় তাঁরা ভোগান্তি পোহাচ্ছেন।
সদর উপজেলার বরাট ইউনিয়নের নয়নসুখ, কাঁচরন্দ, কাশিমনগর ও উড়াকান্দা গ্রামের ৪০০ পরিবারের বসতভিটা নদীগর্ভে চলে গেছে। বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী সামসুদ্দিন জানান, তিনি ভাঙনের বিষয়টি স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরাট ইউপির ৬ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের সদস্য দিয়াজ আলী শেখ জানান, ১৫ দিনের ভাঙনে নয়নসুখ গ্রামের ২৫০ পরিবারের বসতভিটা পদ্মার পেটে চলে গেছে।
পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান জানান, ইউনিয়নের চররামপুর, চর শাহমিরপুর ও পূর্ব চরআফরা গ্রামের ১৫০ পরিবারের বসতভিটা ও ২০০ বিঘা ফসলি জমি নদীতে চলে গেছে।
মিজানপুর ইউপির চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, এক সপ্তাহে তাঁর ইউনিয়নের চরজৌকুরী, রামচন্দ্রপুর, মহাদেবপুর, চরসিলিমপুর ও বড়চরের কমপক্ষে ২৫ পরিবারের বসতভিটা নদীতে চলে গেছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর ঈদগাহ ও মসজিদ, চরজৌকুরী মসজিদসহ শতাধিক আধা পাকা ঘর।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, ভাঙনকবলিত লোকজনের জন্য ৫০০ বান্ডিল ঢেউটিন, দুই লাখ টাকা ও ২০০ টন চাল বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তা বিতরণ করা হবে।