৬৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে গতকাল শুক্রবার ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের ফেনসিডিল বহনকারী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, বাবুল (৩০), জিয়া (২৪) ও কাভার্ড ভ্যানের চালক ইব্রাহিম (৪০)। শাহবাগ থানার এসআই শাহজাহান জানান, ভোর চারটার দিকে একটি কাভার্ড ভ্যানকে দ্রুতগতিতে আসতে দেখে মৎস্য ভবন সড়কে টহলরত পুলিশ সেটিকে থামতে সংকেত দেয়। এতে কাভার্ড ভ্যানটি থামলেও চালকসহ তিন আরোহী নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের ধাওয়া করে গ্রেপ্তার করে। পরে ভ্যান তল্লাশি করে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।এসআই শাহজাহান আরও জানান, গ্রেপ্তার হওয়া বাবুল বেনাপোল, জিয়া যশোরের শার্শা ও ইব্রাহিম সাতক্ষীরার বাসিন্দা। তাঁরা বেনাপোল থেকে ফেনসিডিলগুলো আনছিলেন। কিন্তু কোথায় নেওয়া হচ্ছিল সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।