৬৫০ মুক্তিযোদ্ধা ডেটাবেইস ফরম পূরণ থেকে বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের জন্য সরবরাহকৃত ডেটাবেইস ফরম আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে উপজেলার প্রায় সাড়ে ছয় শ মুক্তিযোদ্ধা নির্ধারিত সময়ে ডেটাবেইস ফরম পূরণ করা থেকে বঞ্চিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ জুন মুক্তিযোদ্ধাদের ডেটাবেইস তৈরি এবং গণউদ্বুদ্ধকরণ কর্মসূচির পরিচালক ও উপসচিব সৈয়দ মজিবুল হক স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, যেসব মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সনদ গ্রহণ করেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রধানমন্ত্রীর স্বাক্ষরযুক্ত সনদ গ্রহণ করেছেন, যেসব মুক্তিযোদ্ধার নাম মুক্তিবার্তার চূড়ান্ত তালিকায় প্রকাশিত হয়েছে এবং যেসব মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন, তাঁদের ডেটাবেইসের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। ওই ডেটাবেইস তৈরি করার পর সব মুক্তিযোদ্ধাকে নিরাপত্তাচিহ্ন-সংবলিত স্থায়ী সনদ দেওয়া হবে। পত্রে আরও বলা হয়, ডেটাবেইস ফরম পূরণের জন্য নির্ধারিত ফরম ইতিমধ্যে সব জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই চিঠিতে এক মাসের মধ্যে ডেটাবেইস ফরম পূরণ করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ রয়েছে। হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বি এম মহসিন নয়নসহ একাধিক মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, প্রায় তিন মাস ধরে উপজেলা কমান্ডার ডেটাবেইস ফরমগুলো আটকে রেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা বলেন, গত ১৫ জুন ডেটাবেইস ফরমগুলো পূরণের জন্য মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এসেছে। এক মাসের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে ফরম পূরণ করতে হবে। কিন্তু নির্ধারিত সময় চলে গেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ফরম নেওয়ার জন্য মুক্তিযোদ্ধারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে আসছেন। কিন্তু তাঁদের বিভিন্ন অজুহাত দেখিয়ে বিদায় করে দেওয়া হচ্ছে।এ প্রসঙ্গে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের বলেন, ‘জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ আমাকে ফরমগুলো বিতরণ করতে নিষেধ করেছেন। তাঁর নির্দেশ অমান্য করলে আমাকে শোকজ করা হবে।’ তিনি জানান, তাঁর কার্যালয়ে ৯০০ ডেটাবেইস ফরম পাঠানো হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ বলেন, এখন সারা দেশে মুক্তিযোদ্ধা নির্ধারণে নতুন করে যাচাই-বাছাই চলছে। আগে প্রকৃত মুক্তিযোদ্ধা নির্ধারণ হোক, তারপর ডেটাবেইস ফরম বিতরণ করা হবে।মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের সঙ্গে ডেটাবেইস ফরম পূরণের সম্পর্ক কী? জবাবে এম এ ওয়াদুদ জানান, ডেটাবেইস ফরম পূরণের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্থায়ী সনদ দেওয়া হবে। এ জন্য ফরম পূরণ করার আগেই প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করতে হবে। তা ছাড়া কেন্দ্রীয় সংগঠন থেকেও এ ফরম বিতরণের জন্য তাঁদের কোনো নির্দেশ দেওয়া হয়নি।তবে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহেরের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে কচুয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মমিন ও শাহরাস্তি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রুহুল আমিন বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আমরা ইতিমধ্যে সব মুক্তিযোদ্ধার মধ্যে ডেটাবেইস ফরম বিতরণ করেছি এবং আমাদের ৮০ শতাংশ কাজ প্রায় শেষ।’ তাঁরা আরও বলেন, ‘জেলা ও উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা ডেটাবেইস ফরম পূরণ করে আমাদের কাছে জমা দেবেন। আমরা ফরমগুলো মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। এখানে যাচাই-বাছাইয়ের দায়িত্ব মন্ত্রণালয় করবে। জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়নি।’