৬৬ কিলোমিটার মহাসড়কে অবৈধ গতিরোধক ২৫টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া অংশের ৬৬ কিলোমিটারে গতিরোধকের সংখ্যা ৩০-এ দাঁড়িয়েছে। গতিরোধক স্থাপন না করার বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার পরও সড়ক দুর্ঘটনার পর স্থানীয় জনতার চাপে এগুলো স্থাপন করতে হচ্ছে। এ কারণে যানবাহন চলাচলে সময় বেশি লাগছে। বগুড়া-ঢাকা মহাসড়কে চান্দাইকোনা থেকে বগুড়া এবং বগুড়া থেকে রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল পর্যন্ত ৬৬ কিলোমিটার মহাসড়ক বগুড়ার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন। এই ৬৬ কিলোমিটার রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বহু মানুষ মারা যাচ্ছে, অনেকে জখম ও পঙ্গু হয়ে যাচ্ছে। জানমালের ক্ষতি দিন দিন বেড়েই চলেছে।খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন স্থানে পরিবহন-চালকদের অসতর্কতার কারণে যেমন দুর্ঘটনা ঘটছে, তেমনি সাধারণ মানুষও এসব দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। এ মহাসড়কে জনবহুল এলাকায়, বিশেষ করে হাট-বাজার এলাকায় দুর্ঘটনা ঘটলে মহাসড়কে গতিরোধক দেওয়ার দাবি ওঠে। জনতার দাবির মুখে গতিরোধক দেওয়া হচ্ছে। দিন দিন এর সংখ্যা বাড়ছে। সওজ বগুড়া সূত্রে জানা গেছে, মহাসড়কে গতিরোধক দেওয়ার নিয়ম নেই। তবে পুরোনো সেতু, অপ্রশস্থ সেতু অথবা মহাসড়কে বাঁকে সেতু থাকলে সেখানে গতিরোধক দেওয়া হয়। সেই হিসেবে সড়ক বিভাগ বগুড়ার আওতাধীন বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগা সেতুর কাছে তিনটি ও বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি সেতুর কাছে দুটি গতিরোধক দেওয়া হয়েছে। চান্দাইকোনা থেকে রহবল পর্যন্ত যে ২৫টি গতিরোধক রয়েছে, তা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে দেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে সওজের এক কর্মকর্তা জানান, বগুড়া থেকে শেরপুর পর্যন্ত মহাসড়কে ১২টি গতিরোধক আছে। আগে ব্যক্তিগত গাড়ি নিয়ে শেরপুর যেতে সময় লাগত ১৯ মিনিট, এখন লাগে ৩৭ মিনিট। এতে সময়ের অপচয় হচ্ছে, কিন্তু সড়ক দুর্ঘটনা কমছে না। যদি চালকেরা সতর্ক হন, তাহলেই দুর্ঘটনা রোধ করা যাবে।গত সোমবার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা নামক স্থানে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী মারা যায়। এর জের ধরে বিক্ষুব্ধ জনতা এ মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে। সেখানে জরুরি ভিত্তিতে গতিরোধক না দেওয়া পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়ে দিলে প্রশাসন গতিরোধক দিতে বাধ্য হয়। বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ জানান, মোকামতলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয় লোকজন গতিরোধক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে তা নিয়েছে, কিন্তু মহাসড়কে এভাবে গতিরোধক দেওয়ার নিয়ম নেই। হাট-বাজার বা জনবহুল এলাকায় চালকেরা দেখে-শুনে গাড়ি চালালে এ সমস্যা হবে না। এদিকে এ মহাসড়কের বগুড়া অংশের ৬৬ কিলোমিটারের মধ্যে আটটি স্থানকে মারাত্মক দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে সওজ। স্থানগুলো হলো: শেরপুর উপজেলার চান্দাইকোনা বাজার, ঘোগা সেতুর মোড়, ছনকা বাজার, মির্জাপুর বাজার, শেরুয়া বটতলা; শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজার মোড়, বাঘোপাড়া ও চণ্ডীহারা বাজার। সওজ সূত্রে জানা গেছে, সওজের সড়ক নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা গত বছরের আগস্ট মাসের শেষ দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে জরিপ চালান। জরিপে ওসব স্থানে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে কেন্দ্রীয় সড়ক নিরাপত্তা বিভাগ থেকে সওজের বগুড়া বিভাগের কাছে নকশা দিয়ে ১৪ ধরনের তথ্য ও সুপারিশ চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সওজ বগুড়া থেকে গত বছরের ১ অক্টোবর ঢাকায় তথ্য ও সুপারিশ পাঠানো হয়। তাতে ওই আট জায়গার মধ্যে শেরপুরের ঘোগা সেতু ও শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজারকে সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই দুই স্থানে গত বছর ২৫টি দুর্ঘটনায় ৪৮ জন মারা গেছে। চিহ্নিত জায়গাগুলোয় দুর্ঘটনা রোধে তিনটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো পথচারী পারাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, মহাসড়ক প্রশস্তকরণ ও মহাসড়কের উভয় পাশে বাসের দাঁড়ানোর জায়গা নির্ধারণ। এ ছাড়া দুই লেনের এ মহাসড়ককে চার লেনে করার সুপারিশ করা হয়েছে। সওজ বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী মোহামঞ্চদ হামিদুল হক দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা পাঠানোর কথা নিশ্চিত করে তিনি বলেন, এগুলো নিয়ে হয়তো সরকার অচিরেই কোনো প্রকল্প নেবে।