৬৬ ফুট উঁচু কালীমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধাম আশ্রমে ৬৬ ফুট উচ্চতার কালীমূর্তি তৈরি করা হয়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধাম আশ্রমে ৬৬ ফুট উচ্চতার কালীমূর্তি তৈরি করা হয়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের ধাম আশ্রমে গতকাল শুক্রবার সকালে শুরু হয়েছে তিন দিনব্যাপী বরদা মায়ের (কালী) পূজা। এ বছর আশ্রমে ৬৬ ফুট উঁচু কালীমূর্তি ও ৭২ ফুট লম্বা মহাদেবের প্রতিমা তৈরি করা হয়েছে।
আশ্রমের পুরোহিত নির্মল চাঁদ ঠাকুর প্রথম আলোকে বলেন, বরদা মা হলো কালী দেবীর বহু রূপের একটি। হিন্দুধর্মাবলম্বীরা আশীর্বাদ লাভের আশায় বরদা মায়ের পূজা করেন। ধাম আশ্রমে সরস্বতী পূজার আগের দিন থেকে বরদা মায়ের পূজা করা হয়। তিন যুগ ধরে এমনটি চলে আসছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুণরাজ নিত্যানন্দ হালদার তাঁর সহকারীদের নিয়ে দেড় দশক ধরে ধাম আশ্রমের কালীমূর্তি গড়ে আসছেন। তিনি বলেন, দক্ষিণের জেলাগুলোতে সারা বছর প্রতিমা তৈরি করেন তাঁরা। এর মধ্যে সবচেয়ে উঁচু প্রতিমার পূজা হয় মঠবাড়িয়ার এই ধাম আশ্রমে। ২০০৭ সালে প্রথম ২১ ফুট উঁচু প্রতিমা গড়েন। এরপর ক্রমেই তা বাড়িয়ে গত বছর তৈরি করেন ৬৩ ফুট উঁচু প্রতিমা।
নিত্যানন্দ হালদার আরও বলেন, তিনজন গুণরাজ (মূর্তির কারিগর) ও ২০ শ্রমিক দুই মাস ধরে মাটি, বাঁশ, নলের চাটাই, খড়, পাটের সুতা, ধানের তুষ দিয়ে তৈরি করেন এই প্রতিমা। এরপর রোদে শুকিয়ে পাটের তৈরি শাড়ি পরানোর পর রং করা হয়। ৬৬ ফুট উঁচু কালীমূর্তি ও ৭২ ফুট লম্বা মহাদেবের প্রতিমা (কালীর পায়ের নিচে শুয়ে থাকা) তৈরিতে ১২ লাখ টাকা খরচ হয়েছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার কিরণ চন্দ্র হালদার বলেন, আশ্রমের ভক্তদের অনুদানের টাকায় এই প্রতিমা তৈরি করা হয়েছে।
গতকাল সকালে অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কীর্তন, কবিগান, সাংস্কৃতিক অনুষ্ঠান, হরি যাত্রাসহ নানা আচার-অনুষ্ঠান পালন শেষে আগামীকাল রোববার সকালে প্রসাদ বিতরণ ও দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা শেষ হবে। পূজা ঘিরে আশ্রম প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা।