প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকদের সম্মেলনে বলা হয়েছে, হাসপাতালে ৬৬ শতাংশ দুর্ঘটনা বা অঘটন হয় মূলত রোগীর কারণে। ১৬ শতাংশ দুর্ঘটনা হয় চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মচারীর ভুলের কারণে। ১৪ শতাংশ ভুলের জন্য রোগী ও চিকিৎসক-কর্মচারী সমানভাবে দায়ী। বাকি ৪ শতাংশ দুর্ঘটনা ঘটে ভৌত অবকাঠামোর দুর্বলতা, যান্ত্রিক ত্রুটি ও বৈদ্যুতিক গোলযোগের কারণে।
গতকাল রোববার অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ২৫তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের দ্বিতীয় ও সমাপনী দিনের প্রথম অধিবেশনে ডা. জোবাইদা হান্নান স্মারক বক্তৃতায় সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক কোহিনূর বেগম এই তথ্য দেন। তিনি বলেন, রোগীর নিরাপত্তা এখন স্বাস্থ্য খাতের একটি শাখা হিসেবে বিবেচিত। রোগীর নিরাপত্তা এখন বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে নিশ্চিত করার কথা বলা হচ্ছে, যার উদ্দেশ্য দুর্ঘটনা কমানো এবং প্রতিকূল অবস্থা থেকে দ্রুত সুস্থ করে তোলা।
চিকিৎসাকালে রোগীর মানসিক ও শারীরিক আঘাত, রোগী, রোগীর পরিবার ও চিকিৎসা-সংশ্লিষ্টদের ক্ষতি ও এ কারণে স্বাস্থ্য খাতের বিপুল আর্থিক ক্ষতিকে দুর্ঘটনা বা অঘটন হিসেবে দেখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উদ্ধৃত করে কোহিনূর বেগম বলেন, দক্ষ জনবল বা যন্ত্রবিদের অভাবে উন্নয়নশীল দেশগুলোতে ৫০ শতাংশ মেডিকেল যন্ত্রপাতি আংশিকভাবে ব্যবহৃত হয়। এর ফলে রোগনির্ণয় ঠিকমতো হয় না, চিকিৎসা হয় নিম্নমানের। তিনি বলেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, কাজের পরিবেশ, দলগত কাজের চর্চা, দায়িত্ব বণ্টন, রোগীর চারিত্রিক বৈশিষ্ট্য—এই বিষয়গুলো হাসপাতালে রোগীর নিরাপত্তার ওপর প্রভাব ফেলে। রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে, নিরাপদ রক্ত সঞ্চালনের ব্যবস্থা থাকতে হবে, ওষুধের ব্যবহার হতে হবে যৌক্তিক, যন্ত্রপাতি হতে হবে নিরাপদ, অস্ত্রোপচার হবে নিরাপদ। এ ছাড়া চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আচরণ হবে পেশাদারি। সেবার আদর্শ পরিবেশ থাকতে হবে প্রতিষ্ঠানে।
অধ্যাপক সৈয়দা নুরজাহান ভূইয়া ও অধ্যাপক রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে দেশের বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরী বলেন, দেশে যত মাতৃমৃত্যুর ঘটনা ঘটে, তার চেয়ে বেশিসংখ্যক মা মৃত্যুর হাত থেকে ফিরে আসে। এই ফিরে আসা মায়েদের তিনি ‘নেয়ার মিস’ বা ‘নেয়ার ডেথ’ বলেন।
সকালের অধিবেশনের পর ওজিএসবির ৪৩তম সাধারণ সভা হয়।