দেশে ৬৬ শতাংশ কিশোরীর বিয়ে হয় বয়স ১৮ হওয়ার আগেই। আর ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মৃত্যুর প্রধান কারণ গর্ভধারণজনিত জটিলতা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য দেন।আজ বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা দিবসের প্রাক্কালে গতকাল নিজেদের সভাকক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবছরের মতো মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালনের উদ্যোগ নিয়েছে। এবার বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘কৈশোরে গর্ভধারণ, মাতৃমৃত্যুর অন্যতম কারণ’। সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ৭০ শতাংশ প্রসব হয় বাড়িতে। অন্যান্য প্রাপ্তবয়স্ক মহিলার মতো কিশোরী মায়েরাও সন্তান জন্ম দেন দক্ষ ধাই বা স্বাস্থ্যকর্মীর সহায়তা ছাড়াই। মা হওয়ার পর কিশোরী তাঁর জীবনীশক্তি হারান, তাঁর শিক্ষাজীবন সংক্ষিপ্ত হয়। তাঁকে ফিস্টুলার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হয়। তিনি বলেন, দেশে ১৫ থেকে ১৯ বছর বয়সী এক কোটি ৬০ লাখ কিশোরী প্রতিবছর সন্তান জন্ম দিচ্ছেন।বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।