বাংলাদেশে টেলিভিশন দেখে—এমন নারীদের ৬৬ শতাংশের বেশি অধিকাংশ সময় ভারতীয় টিভি চ্যানেল দেখে। চ্যানেলগুলোর শীর্ষে রয়েছে স্টার জলসা। বাংলাদেশের ৫৮ শতাংশ নারী দর্শক নিয়মিত এই চ্যানেল দেখে।
সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য, শিক্ষা, যোগাযোগ ও আচরণ পরিবর্তন কর্মসূচির প্রভাব যাচাই-বিষয়ক জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওই জরিপের তথ্য প্রকাশ করা হয়। জরিপটি করেছে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ। এতে দেখা যায়, দেশের ৯০ শতাংশ নারী টেলিভিশন দেখে। এদের ৫৮ দশমিক ২ শতাংশ অধিকাংশ সময় ভারতীয় চ্যানেল স্টার জলসা দেখে, ৬ দশমিক ৬ শতাংশ জি বাংলা এবং ১ দশমিক ৮ শতাংশ দেখে স্টার প্লাস চ্যানেল। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন নারীরা বেশি দেখে। এই হার ১৯ দশমিক ১ শতাংশ।
জরিপে সাতটি বিভাগের গ্রাম ও শহরের ৫ হাজার ৭৭ জন নারীর কাছ থেকে তথ্য নেওয়া হয়। এসব নারীর বয়স ১৫ থেকে ৪৯ বছর। এ ছাড়া ১৩ থেকে ১৯ বছর বয়সী ৬৭০ জন অবিবাহিত কিশোরীর তথ্যও সংগ্রহ করা হয়। বিয়ের বয়স, প্রজনন স্বাস্থ্য, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা, পুষ্টি এবং কিশোরী স্বাস্থ্যের ওপর তথ্য, শিক্ষা, যোগাযোগ ও আচরণ পরিবর্তন কর্মসূচি কী প্রভাব ফেলেছে, তা যাচাই করা ছিল এই জরিপের উদ্দেশ্য।
অনুষ্ঠানে জরিপের প্রতিবেদন উপস্থাপন করেন পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক মো. কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগের চেয়ারপারসন মো. আমিনুল হক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন।