৬৬ শতাংশ নারী সন্তান প্রসব করেন বাড়িতে
অর্থনৈতিক দৈন্য, অস্ত্রোপচারের ভয় ও ধাত্রীদের ওপর নির্ভরশীলতার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রায় ৬৬ ভাগ গর্ভবতী নারী এখনো বাড়িতেই সন্তান প্রসব করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক সভায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ-২০১৪’ উদ্যাপন উপলক্ষে সচেতনতামূলক সভায় এ তথ্য জানানো হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমান জানান, প্রতি তিন মাস পর পর স্বাস্থ্য বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে জরিপ চালান। গত সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে দেখা যায়, উপজেলার সক্ষম দম্পতির সংখ্যা ২৪ হাজার ৫৭৪ জন। তাঁদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যা ৮৪৩ জন। ওই মাসে হাসপাতালে সন্তান প্রসব করে ৩৪ জন এবং বাড়িতে ৬৪ জন। বাড়িতে সন্তান প্রসবের হার প্রায় ৬৬ ভাগ।
আবদুর রহমান মনে করেন, সংসারে অভাব, হাসপাতালে গেলে অনেক টাকা খরচ হবে—এ ধরনের শঙ্কার পাশাপাশি অনেক পরিবার ধাত্রীর ওপর নির্ভরশীল থাকে। এ জন্য তাঁরা হাসপাতালে আসতে চান না।
সভায় উপস্থিত উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন বলেন, চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা তেমন ভালো না থাকায় অনেকে হাসপাতালে আসতে চান না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিক বলেন, হাসপাতালে আসা প্রত্যেক রোগী দেখার পর প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়।