রেলওয়ের ঠাকুরগাঁও অঞ্চলের ৭০টি রেলক্রসিংয়ের মধ্যে ৬৬টিতে গেটম্যান নেই। এ কারণে রেলক্রসিং পার হতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।রেলওয়ের ঠাকুরগাঁও অঞ্চল সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও রেল অঞ্চলের ৭১ কিলোমিটার রেলপথে ৭০টি ক্রসিং আছে। স্টেশনের কাছের ও গুরুত্বপূর্ণ কয়েকটি রেলক্রসিংয়ে গেটম্যান রয়েছে। কিন্তু দূরের গেটগুলোতে গেটম্যান নেই। তা ছাড়া সতর্কতা বোর্ডগুলোও নষ্ট হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ভাতারমারী রেলক্রসিং এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কটি বেশ আঁকাবাঁকা। সেখানে রেলক্রসিং আছে কাছাকাছি স্থান থেকেও বোঝার উপায় নেই। এ ছাড়া রেললাইন ও সড়কের উভয় পাশেই রয়েছে বিভিন্ন গাছের সারি ও খাদ। বাঁকা পথ পার হলেই রেলপথ। যানবাহনচালক ও পথচারীকে সতর্ক করতে রেলক্রসিংয়ের দুই ধারে দুটি বোর্ড টাঙিয়ে দেওয়া আছে। এতে লেখা আছে, ‘এই গেটে কোনো গেটম্যান নাই। পথচারী ও সব ধরনের যানবাহনের চালক নিজ দায়িত্বে পারাপার করিবেন এবং কোনোরূপ দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন।’ এগুলোও নষ্ট হয়ে গেছে। রেললাইনের দুই পাশে গতিরোধক থাকলেও সেখানে নেই কোনো গেট। এ ছাড়া সদর উপজেলার আগানগর, রুহিয়া, চিলারং, শিবগঞ্জসহ কয়েকটি রাস্তার রেলক্রসিংয়েও কোনো গেট নেই। ভাতারমারী এলাকার বাসিন্দা আবদুল লতিফ বলেন, গত সোমবার সদর উপজেলার ভাতারমারী রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক রেললাইনের ওপর ইঞ্জিন বিকল হয়ে যায়। মুহূর্তের মধ্যে একটি ট্রাক এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের সামনে থাকা কয়েকজন এবং ট্রাকের চালক ও হেলপারসহ অন্তত ১০ জন আহত হয়। আরেক দিন এক পথচারী সাইকেল নিয়ে পার হওয়ার সময় ট্রেন এসে পড়ায় দ্রুত সাইকেল ফেলে তিনি দৌড়ে প্রাণ বাঁচান। আজগর হোসেন জানান, প্রায়ই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে দ্রুতগতির মোটরসাইকেল আরোহীরা রেলক্রসিং দেখে তাৎক্ষণিক গতি কমাতে গিয়ে রেললাইনের ওপর উঠে গিয়ে উল্টে যায় ও আহত হয়। ঠাকুরগাঁও রেলস্টেশনের মাস্টার মজনুর রহমান বলেন, ‘ঠাকুরগাঁওয়ের অধীন ৭১ কিলোমিটার রেলপথ ও বিভিন্ন স্টেশনে কিছুদিন আগেও ১৭০ জন লোক কর্মরত ছিলেন। বদলি, অবসর ইত্যাদি কারণে এখন মাত্র ৬৫ জন আছেন। লোকবলের সংকটের কারণে গুরুত্বপূর্ণ চারটি ক্রসিং ছাড়া প্রায় সব ক্রসিংই অরক্ষিত অবস্থায় আছে। যানবাহন ও পথচারীদের সতর্কভাবে রেলক্রসিং পারাপার হতে পরামর্শ দেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই।’