৬৬৭ জওয়ানকে অভিযোগ পড়ে শোনানো শেষ হলো
ঢাকায় বিডিআর সদর দপ্তরে ২৪ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ৬৬৭ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো গতকাল বুধবার শেষ হয়েছে। গতকাল চতুর্থ দিনে ২৯২ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। পরে আদালতের কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত মুলতবি করা হয়।গত রোববার প্রথম দিনে ৪০ জনকে, সোমবার ১৪৩ জনকে, মঙ্গলবার ১৯২ জনকে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল সকাল সাড়ে নয়টায় পিলখানায় বিডিআরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এর কার্যক্রম শুরু হয়। সকাল নয়টার আগেই অভিযুক্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে পিলখানায় আনা হয়।আদালতের কার্যক্রমের শুরুতেই বিচারক প্যানেলের সদস্যরা অভিযুক্তদের নাম ধরে তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান। এ সময় জওয়ানরা উঠে দাঁড়িয়ে অভিযোগ শোনেন। ২৪ রাইফেলস ছাড়াও বিদ্রোহের সময় ওই ব্যাটালিয়নে কর্মরত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস সদস্যদের বিচারও একই সঙ্গে চলছে।শুনানিতে আদালতের প্রধানকে সহায়তার জন্য বিডিআরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রাব্বানি ও মেজর সাইদ হাসান তাপস উপস্থিত ছিলেন। আসামিদের পক্ষে ‘বন্ধু’ (ফ্রেন্ড অব দ্য একিউজড) হিসেবে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার দুজন কর্মকর্তা এবং সাতজন আইনজীবী উপস্থিত ছিলেন। তবে তাঁরা কেবল অভিযুক্তদের সঙ্গে পরামর্শ করতে পারবেন।বিডিআরের কর্মকর্তারা জানান, শনিবার আদালতে অভিযুক্তদের বক্তব্য শোনা হবে। তাঁদের বক্তব্যের পক্ষে সাক্ষ্য থাকলে তাঁরা তা আদালতে উপস্থাপন করতে পারবেন। পরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আসামিদের মধ্যে সিপাহি মো. মনিরুজ্জামান বিদ্রোহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে অংশ নিয়েছিলেন।