৬৬৮ বিডিআরের বিরুদ্ধে অভিযোগ গঠন ২০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের ঘটনায় আগামী ২০ জুন বিডিআরের বিশেষ আদালতে ২৪ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬৬৮ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।গতকাল বৃহস্পতিবার বিশেষ আদালত-৫-এর শুনানি শেষে সব অভিযুক্তের উপস্থিতিতে এ দিন ধার্য করে আদালত মুলতবি করেন আদালতের সভাপতি বিডিআরের প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। গতকাল দুপুর সোয়া একটা থেকে এক ঘণ্টা বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালতে এ শুনানি চলে। বিদ্রোহের এ মামলার বাদী সুবেদার মো. মতিউর রহমান। অভিযুক্তদের মধ্যে ৩৫৫ জন আগেই নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছিলেন। বুধবার আরও ৩১৩ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।ব্যাটালিয়নের অধিনায়ক প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে বিদ্রোহ করা ও বিদ্রোহে সহায়তার অভিযোগ আদালতে তুলে ধরেন। তিনি আসামিদের বিরুদ্ধে শুরুতেই বিদ্রোহ দমনে ভূমিকা পালন না করে দরবারকক্ষ ত্যাগের অভিযোগ আনেন। তাঁর অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে—অস্ত্রভান্ডার লুট, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করা, বৈঠক করে অন্যদের উসকে দেওয়া, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়া ইত্যাদি।আদালতপ্রধান আসামিদের বলেন, আদালতের ভেতরেই আপনাদের সব কর্মকাণ্ড ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ত্রুটি পাওয়া গেলে তাত্ক্ষণিকভাবে চার্জ গঠন করে সাজা দেওয়া হবে।গত বছর বিডিআর বিদ্রোহের সময় আসামিদের যে চেহারা ছিল, সে চেহারায়ই তাঁদের আদালতে হাজির করার জন্য আবার প্রসিকিউটরকে নির্দেশ দেন আদালতপ্রধান। এর আগেও আদালতের শুনানিতে প্রসিকিউটরদের এ নির্দেশ দিয়েছিলেন তিনি। আদালতপ্রধান বলেন, ‘চুল ছোট থাকাসহ সবকিছু বিডিআরের নিয়মের মধ্যে থাকবে, কেননা তাঁরা এখনো বিডিআরের সদস্য।’একজন আসামি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে দরবার হলে আদালতের কাছে নেওয়া হয়। মাইকের মাধ্যমে আদালতের কার্যক্রম শোনানো হয় তাঁকে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বিদ্রোহ হয়। বিদ্রোহের অভিযোগে সারা দেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।