৬৭ দিনে এক ছটাক ধানও কেনা হয়নি
রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে গত ৪ জুন। কিন্তু এই দুই উপজেলায় গত ৬৭ দিনেও এক ছটাক ধানও কেনা হয়নি। ধান কেনার জন্য গঠিত কমিটি কৃষকদের তালিকা খাদ্যগুদামে জমা না দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।বদরগঞ্জ ও তারাগঞ্জ খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারিভাবে তারাগঞ্জ থেকে ৭৩১ মেট্রিক টন এবং বদরগঞ্জ থেকে ২৬৭ মেট্রিক টন বোরো ধান কেনার কথা। সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান কেনার কার্যক্রম ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকের কাছ থেকে ধান কিনতে ইউনিয়ন পর্যায়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক সমবায় সমিতির প্রতিনিধি ওই কমিটির সদস্য হিসেবে রয়েছেন। কমিটির কাজ তৃণমূল পর্যায়ে প্রকৃত কৃষক বাছাই করে তালিকা উপজেলা খাদ্য বিভাগে পাঠানো। ওই তালিকা অনুমোদন দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তালিকা অনুযায়ী কৃষকের পরিচয় নিশ্চিত হওয়ার পর ধান কিনবেন খাদ্যগুদামের কর্মকর্তা।জানা গেছে, বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে লোহানীপাড়া, কালুপাড়া, গোপীনাথপুর, বিষ্ণুপুর, গোপালপুর ও রাধানগর ইউনিয়নের কৃষকের তালিকা গত ২০ থেকে ৩০ জুনের মধ্যে গুদাম কর্মকর্তা হাতে পেয়েছেন। কিন্তু দামোদরপুর, কুতুবপুর, মধুপুর ও রামনাথপুর ইউনিয়ন কমিটি এখনো তালিকা জমা দেয়নি।বদরগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা জাকির হোসেন জানান, এখনো ধান কেনার সময় আছে। তা ছাড়া কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে আসছেন না।উপজেলার পাঠানপাড়া গ্রামের কৃষক গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, ‘সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে ধরনা দিলেও নেওয়া হচ্ছে না। অপর দিকে বাজারে আবারও ধানের দাম পড়ে গেছে। এ অবস্থায় টাকা-সংকটে এখনো জমিতে আমন চাষ করতে পারিনি।’তারাগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা বিলকিছ বানু জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের তালিকা এখনো জমা দেয়নি ইউনিয়ন কমিটি। এ কারণে ধান সংগ্রহ অভিযান শুরু করা যাচ্ছে না।